
গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া সেই প্রসিকিউটরকে বরখাস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (৮ জুন) অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেয় সংস্থাটি।
আদালতের তদারকি সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের ব্যুরো জানিয়েছে, জাতিসংঘের তদন্তের ভিত্তিতে করিম খানকে আইসিসির ১২৫ সদস্য রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রমের জন্য পাঠানো হবে। তবে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ব্যুরো জানিয়েছে, তাদের মূল্যায়ন জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি পরিষেবা কার্যালয় (ওআইওএস) পরিচালিত তদন্ত প্রতিবেদন, মূল প্রমাণ, বিচারিক বিশেষজ্ঞদের একটি বিশেষ প্যানেলের মতামত এবং লিখিত নথিপত্রের ওপর ভিত্তি করে করা হয়েছে।
একই সঙ্গে তারা বলেছে, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট নথিপত্র গোপন রাখা হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার ও চলমান প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষা করা যায়।
এ বিষয়ে আলোচনা করতে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর একটি সভা যত দ্রুত সম্ভব আহ্বান করা হবে। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে।
২০২৪ সালের নভেম্বরে করিম খানের কার্যালয়ের এক কর্মী তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনেন। এরপর আইসিসির নিয়ন্ত্রক সংস্থার প্রধান জাতিসংঘ-সমর্থিত তদন্তের নির্দেশ দেন। তদন্ত চলাকালে তিনি ২০২৫ সালের মে মাসে ছুটিতে যান।
তবে করিম খান বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তদন্তে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অনুপযুক্ত আচরণের প্রমাণ পাওয়া যায়নি। তার ভাষায়, জাতিসংঘের প্রতিবেদনে ১৩৭টি সিদ্ধান্ত রয়েছে, কিন্তু এর একটিতেও তার কোনো আচরণকে অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়নি।
এ ছাড়া মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে তিন বিচারকের একটি প্যানেলও মত দিয়েছিল যে, জাতিসংঘের তদন্তের ফলাফল প্রাসঙ্গিক আইনি কাঠামোর অধীনে কোনো অসদাচরণ বা কর্তব্যভঙ্গ প্রমাণ করে না।
২০২৪ সালের মে মাসে করিম খানের নাম আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় আসে। কারণ তিনি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন।