লাইফ স্টাইল

ছোট কারুশিল্প থেকে বিশ্বজয়, COACH এর অনন্য উত্থানের গল্প

14725_IMG_3953.jpeg

Coach এক সময় ছোট একটি কারুশিল্প উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও আজ এটি বিশ্বজুড়ে পরিচিত একটি ফ্যাশন হাউস। ১৯৪১ সালে নিউইয়র্কে ছয়জন দক্ষ কারিগরের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই ব্র্যান্ড। শুরুতে তারা হাতে তৈরি চামড়ার পণ্য তৈরি করতেন, যা ছিল একই সঙ্গে সুন্দর, ব্যবহারিক এবং টেকসই।

পরবর্তীতে Lillian Cahn এবং Miles Cahn এর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দ্রুত বিকাশ লাভ করে। তাদের দূরদর্শী পরিকল্পনার ফলে কোচ ধীরে ধীরে “অরিজিনাল আমেরিকান হাউস অব লেদার” হিসেবে পরিচিতি পায়।

১৯৬২ সালে কোচের ইতিহাসে বড় পরিবর্তন আসে। সে সময় Miles Cahn প্রতিষ্ঠানটির প্রথম প্রধান ডিজাইনার হিসেবে নিয়োগ দেন Bonnie Cashin কে। রঙ, নকশা এবং অনন্য স্টাইলের সাহসী ব্যবহার কোচকে নতুন পরিচয় দেয়। তার সৃজনশীল চিন্তা এবং কর্মপ্রাণ দৃষ্টিভঙ্গি ১৯৬০ এর দশকের নিউইয়র্কের স্বাধীনতা ও সমতার চেতনাকে ব্র্যান্ডটির নকশায় প্রতিফলিত করে।

পরবর্তী কয়েক দশকে কোচ দ্রুত সম্প্রসারিত হয়। নিউইয়র্কের বিখ্যাত Madison Avenue এ ব্র্যান্ডটির প্রথম স্টোর চালু হয়। ধীরে ধীরে একটি পারিবারিক লেদার পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে এটি বিশ্বব্যাপী পরিচিত ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়। নিউইয়র্কের জীবনধারা এবং সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে কোচ তাদের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন সংগ্রহ তৈরি করে।

২০২৫ সালে ব্র্যান্ডটির দীর্ঘ ইতিহাসকে স্মরণীয় করে তুলতে প্রকাশিত হয় একটি বই। Lew Frankfort রচিত BAG MAN: The Story Behind the Improbable Rise of Coach গ্রন্থে কোচের উত্থানের পেছনের গল্প তুলে ধরা হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠার আট দশকের বেশি সময় পার করেও কোচ তাদের ঐতিহ্য, কারুশিল্প এবং নিউইয়র্কের সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের মতে, ১৯৪১ সালের মতো আজও তাদের প্রতিটি কাজের মূল লক্ষ্য হলো কারুশিল্পের সৌন্দর্য, নিজ শহরের গর্ব এবং আসল আমেরিকান স্টাইলের আশাবাদকে উদযাপন করা।

 

সর্বাধিক পঠিত


ভিডিও