
যুক্তরাজ্যের লন্ডন বরো অব রেডব্রিজ-এর নতুন ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর সৈয়দা সাইদা লাভলী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে লেবার পার্টির একজন সক্রিয় জনপ্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন এবং রেডব্রিজ কাউন্সিলের ব্রিজ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দা লাভলী চৌধুরী স্থানীয় কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে তিনি একজন সুপরিচিত মুখ। স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধান, শিক্ষা, কমিউনিটি সেবা এবং সামাজিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।
রেডব্রিজ কাউন্সিলে লেবার পার্টির প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও কমিউনিটি উদ্যোগে অংশগ্রহণ করেছেন। তার নেতৃত্ব, জনসেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই তাকে ডেপুটি মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্থানীয় মহলে মনে করা হচ্ছে।
স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও বাসিন্দারা সাইদা চৌধুরী এই অর্জনকে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে রেডব্রিজে আরও শক্তিশালী সামাজিক সম্প্রীতি ও কমিউনিটি উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে।