
ভারতের দিল্লির মালভিয়া নগরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। পাঁচতলা ভবনটির বেসমেন্টে অবস্থিত রেস্তোরাঁয় স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে।
ধারণা করা হচ্ছে, ঘটনার সময় হোটেলটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কেউ কেউ ভবন থেকে নিচে লাফ দিচ্ছেন।
হাউজ রানির সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। জানা গেছে, চিকিৎসার জন্য ভারতে বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অতিথি সেখানে অবস্থান করছিলেন। আগুন লাগার সময় হোটেলের বেশির ভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন।
অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।