
ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সহ-মালিক ডেভিড সুলিভান তাৎক্ষণিকভাবে ক্লাবের যৌথ চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বিবিসি প্যানোরামা এবং দ্য টাইমসের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, প্যানোরামার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনটি আগামী সোমবার সম্প্রচার ও প্রকাশ করা হবে। এর আগে ওয়েস্ট হ্যাম এক বিবৃতিতে জানায়, সুলিভানকে ঘিরে “গুরুতর ঐতিহাসিক অভিযোগ” প্রকাশিত হতে যাচ্ছে বলে তারা অবগত হয়েছে।
৭৭ বছর বয়সী সুলিভান নিজের বিবৃতিতে অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা “অল্প কিছু অনুপযুক্ত আচরণের অভিযোগ” সম্পূর্ণ ভিত্তিহীন এবং কয়েক দশক পুরোনো ব্যক্তিগত জীবনের এসব অভিযোগ “তথ্যগতভাবে ভুল ও সম্পূর্ণ মিথ্যা”।
গত ১৬ বছর ধরে ক্লাবের যৌথ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সুলিভান জানান, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি ঘোষণা দেন যে, অভিযোগগুলোকে “মানহানিকর” উল্লেখ করে বিবিসিসহ যেকোনো গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, যারা এসব অভিযোগ পুনরায় প্রকাশ করবে।
এদিকে, ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৮তম স্থানে থেকে অবনমিত হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এমন গুরুত্বপূর্ণ সময়ে ব্যক্তিগত বিষয় যেন ক্লাবের জন্য অতিরিক্ত চাপ বা অস্থিতিশীলতার কারণ না হয়, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সুলিভান।
ক্লাবের পক্ষ থেকেও বলা হয়েছে, সুলিভান কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন এবং ব্যক্তিগতভাবে বিষয়টি মোকাবিলার জন্য তিনি পদত্যাগ করেছেন। ক্লাব আরও জানিয়েছে, অভিযোগগুলোর সঙ্গে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বা এর কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।
বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা করিম বিরানি পরিচালনা পর্ষদের অধীনে ক্লাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। ভবিষ্যতে পরিচালনা পর্ষদের কাঠামো নিয়ে যথাসময়ে নতুন ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ব্যবসায়িক অংশীদার ডেভিড গোল্ডের মৃত্যুর পর থেকে সুলিভান ক্লাবের সর্ববৃহৎ একক শেয়ারহোল্ডার হিসেবে ৩৮.৮ শতাংশ মালিকানা ধরে রেখেছেন। ২০১০ সালে গোল্ডের সঙ্গে যৌথভাবে ওয়েস্ট হ্যামের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সুলিভান ও গোল্ডের নেতৃত্বে ২০১৬ সালে ঐতিহ্যবাহী আপটন পার্ক ছেড়ে লন্ডন স্টেডিয়ামে স্থানান্তরিত হয় ওয়েস্ট হ্যাম। তাদের আমলেই ২০২৩ সালে ইউরোপা কনফারেন্স লিগ জিতে ১৯৮০ সালের এফএ কাপের পর প্রথম বড় শিরোপা অর্জন করে ক্লাবটি।
তবে সাম্প্রতিক বছরগুলোতে মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি দেখা যায়। গত চার মৌসুমের মধ্যে তিনবারই লিগের নিচের অর্ধে শেষ করেছে দলটি এবং শেষ পর্যন্ত ১৪ বছর পর প্রিমিয়ার লিগ থেকে অবনমনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে।
২০২৫-২৬ মৌসুমজুড়ে একাধিকবার প্রতিবাদে নেমেছিলেন ওয়েস্ট হ্যামের সমর্থকেরা। তাদের দাবি ছিল, ডেভিড সুলিভান ও ভাইস-চেয়ার বারোনেস ব্র্যাডিকে পদত্যাগ করতে হবে। এরই মধ্যে গত ১৫ এপ্রিল ভাইস-চেয়ারের পদ ছেড়েছেন ব্র্যাডি।