লন্ডন

লন্ডনে গুলির শব্দের পর ১৯ বছর বয়সী তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ!

15711_8cebeeb0-6328-11f1-b31a-bb3d090df46a.jpg

উত্তর লন্ডনের একটি আবাসিক এলাকায় গুলির শব্দ শোনার পর ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার দিবাগত রাত ঠিক মধ্যরাতের কিছু পর ফিনচলির ডেল গ্রোভ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সহায়তা দিচ্ছেন।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কীভাবে এই ঘটনা ঘটেছে তা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে “অত্যন্ত বিস্ময়কর” ও “অস্বাভাবিক” বলে মন্তব্য করেছেন। প্রতিবেশী জেরালডিন হ্যারেন বলেন, এটি শুনে তিনি গভীরভাবে হতবাক হয়েছেন এবং এলাকা সাধারণত শান্ত ও পারিবারিক পরিবেশের জন্য পরিচিত। তিনি জানান, সবাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে বসবাস করেন এবং এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

আরেক বাসিন্দা ফাজ সাজ জানান, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরে এসে পুরো এলাকা ঘিরে পুলিশি অবরোধ দেখতে পান। তিনি বলেন, এই ধরনের ঘটনা তাদের এলাকার স্বাভাবিক পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান এবং তিনি এখনো বিষয়টি নিয়ে হতবাক।

তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আলাম ভাংগু বলেন, এই কঠিন সময়ে নিহত তরুণীর পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তদন্ত চলমান থাকায় আগামী কয়েক দিন এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হবে। তিনি স্থানীয়দের যেকোনো তথ্য নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, এখনো নিহত তরুণীর আনুষ্ঠানিক পরিচয় নিশ্চিত করা হয়নি এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া বাকি রয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও