লন্ডন

অবশেষে হারিয়ে যাওয়া ইসহাককে পাওয়া গেছে

15735_CFDE7E33-2084-4C82-9A18-9265FA781656.jpeg

অবশেষে ফিরে এসেছে ইসহাক। সাতদিনই সে নিখোঁজ ছিলো । ইসহাক ফিরে আসায় তার পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে । অবসান ঘটেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ।
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ১৫ বছরের স্কুল পড়ুয়া ইসহাক ৪ জুন সন্ধ্যায় হঠাৎ উধাও হয়ে যায় । এরপর তাকে ফিরে পেতে পুলিশ, টাওয়ার হ্যালেটস কাউন্সিল, কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ খোজাখুঁজি শুরু করে । অবশেষে সপ্তাহের মাথায় (১০ জুন বুধবার) সে ফিরে এসেছে । তার ফিরে আসায় পরিবারে তো বটেই, কমিউনিটিতেও স্বস্তি ফিরে এসেছে । কারণ ইসহাক নিখোঁজ হওয়ার পর পুরো কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কিন্তু কোথায় ছিলো ইসহাক? তা এখনো জানা যায়নি। যতটুকু জানা গেছে, মায়ের শাসনে অভিমান করে ইসহাক বাসা থেকে বেরিয়ে যায়। তার কিছুটা শারিরীক জটিলতাও (অটিজম) রয়েছে । যাক, ইসহাক ফিরে এসেছে এটাই পরিবারের কাছে সবচেয়ে স্বস্তির বিষয় । ইসহাকের পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ম্যাসেজ শেয়ার করেছে । ম্যাসেজটি নিচে হুবহু তুলে ধরা হলো:
“আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়া, হেফাজত ও অনুগ্রহে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ছেলে ইসহাককে খুঁজে পাওয়া গেছে এবং সে এখন নিরাপদে বাড়িতে ফিরে এসেছে।
এই মুহূর্তে আমরা যে স্বস্তি ও কৃতজ্ঞতা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। গত কয়েকটি দিন ছিল আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি । আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাদের দোয়া কবুল করেছেন এবং আমাদের প্রিয় সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন।
অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে, যারা পোস্ট শেয়ার করেছেন, খোঁজাখুঁজিতে অংশ নিয়েছেন, দোয়া করেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং এই কঠিন সময়ে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন । আপনাদের ভালোবাসা, সহানুভূতি ও দোয়া আমরা কখনো ভুলব না।

বিশেষ ধন্যবাদ পুলিশ, কমিউনিটির স্বেচ্ছাসেবক, স্থানীয় সংগঠন, বন্ধু, আত্মীয়স্বজন এবং সকলকে, যারা ইসহাককে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন।
আমাদের অনুরোধ, আপনারা ইসহাক এবং আমাদের পরিবারের জন্য দোয়া করতে থাকবেন, যেন আমরা এই কঠিন সময় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।
“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।” (সূরা আল-ইনশিরাহ)
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন । ইসহাক এখন বাড়িতে, নিরাপদে আছে। 
জাযাকুমুল্লাহু খাইরান।”

সর্বাধিক পঠিত


ভিডিও