
পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার দুই বাসিন্দাকে £১৪ মিলিয়নেরও বেশি অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। তারা একটি আন্তর্জাতিক অপরাধচক্রের হয়ে অবৈধ অর্থ বৈধ আর্থিক ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর ও গোপন করার কাজে জড়িত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ৪৩ বছর বয়সী আলী রাজা এবং ৪২ বছর বয়সী আদিল আসলাম। তদন্তে জানা যায়, তারা এনক্রোচ্যাট (EncroChat) নামের এনক্রিপ্টেড যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহারকারী সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর জন্য অর্থপাচারের কার্যক্রম পরিচালনা করতেন। এই চক্রের মাধ্যমে যুক্তরাজ্য ও বিদেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ লেনদেন করা হতো।
সিটি অব লন্ডন পুলিশ ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) যৌথ তদন্তে নগদ অর্থ ও স্বর্ণ মিলিয়ে £২.৫ মিলিয়নেরও বেশি সম্পদ জব্দ করা হয়। তদন্তকারীরা জানান, অভিযুক্তরা ১৪ মিলিয়ন পাউন্ডেরও বেশি অবৈধ অর্থ বৈধ করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আদালত আলী রাজাকে ছয় বছরের কারাদণ্ড দিলেও পূর্বে ইলেকট্রনিক ট্যাগে কাটানো সময় এবং দোষ স্বীকারের কারণে তার সাজা কমিয়ে চার বছর আট মাস নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আদিল আসলামকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলেও একই কারণে তার সাজা কমে দুই বছর দুই মাসে দাঁড়িয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, এই রায় আন্তর্জাতিক অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং সংগঠিত অপরাধ দমনে শক্ত বার্তা বহন করবে।