খেলাধুলা

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি

15778_IMG_5631.jpeg

শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারে নাটকীয় জয়ের পর মাঠে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীকে শ্রীলঙ্কা ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়।

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত ম্যাচটির সুপার ওভারের শেষ বলের পর ঘটনাটি ঘটে। টেলিভিশন সম্প্রচারের ফুটেজে দেখা যায়, সূর্যবংশী প্রথমে শ্রীলঙ্কা ‘এ’ দলের কুগাথাস মাথুলানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এরপর তিনি আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার ভিশেন হালামবাগের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেন বলে ফুটেজে দেখা যায়।

জবাবে হালামবাগেও সূর্যবংশীকে ধাক্কা দিলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

তবে শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচ্চিগে ও উইকেটকিপার নিরোশন ডিকওয়েলাসহ দুই দলের জ্যেষ্ঠ ক্রিকেটাররা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভারত ‘এ’ দলের সদস্যরাও সূর্যবংশীকে সরিয়ে নিয়ে যান।

ঘটনার পরও দুই দল নিয়ম অনুযায়ী ম্যাচ-পরবর্তী করমর্দন সম্পন্ন করে। তবে মাঠ ছাড়ার সময় সূর্যবংশীকে দৃশ্যত ক্ষুব্ধ দেখা যায়।

এর আগে রোমাঞ্চকর ম্যাচে দুই দলই নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করে। ফলে ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভারের আশ্রয় নিতে হয়।

সুপার ওভারে শ্রীলঙ্কা ‘এ’ ১৬ রান সংগ্রহ করে ভারতের সামনে কঠিন লক্ষ্য দাঁড় করায়। জবাবে সূর্যবংশী ও সূর্যাংশ শেডগে মিলে মাত্র ৯ রান করতে সক্ষম হন। ফলে স্বাগতিকরা সংকীর্ণ ব্যবধানে জয় তুলে নেয়।

সুপার ওভারের শেষ বলে মাথুলানের করা ইয়র্কার খেলতে ব্যর্থ হন সূর্যবংশী, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচটি শেষ হওয়ার আগেই উত্তেজনার আবহ তৈরি হয়েছিল। আলো স্বল্পতা নিয়ে আম্পায়ারের কিছু সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। সেই বিতর্কের মধ্যেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সর্বাধিক পঠিত


ভিডিও