খেলাধুলা

জাপানের বিপক্ষে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

15907_IMG_6605.jpeg

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বহুল আলোচিত এই ম্যাচে শুরু থেকেই খেলছেন না দলের অন্যতম তারকা নেইমার।

চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরলেও জাপানের বিপক্ষে তাকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে ঘিরে। আনচেলত্তিও তার ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। ফলে অনেকেই ধারণা করেছিলেন, শুরু থেকেই মাঠে দেখা যাবে ব্রাজিলের নাম্বার টেনকে। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে তাকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে।

গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ অ্যালিসনের ওপর। রক্ষণভাগে খেলবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠ সামলাবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতা।

অন্যদিকে আক্রমণভাগে গোলের দায়িত্ব থাকছে রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহার কাঁধে। শুরু থেকেই গতিময় ফুটবল খেলে জাপানের রক্ষণভাগে চাপ তৈরি করাই থাকবে সেলেসাওদের লক্ষ্য।

ব্রাজিলের একাদশ

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

সর্বাধিক পঠিত


ভিডিও