খেলাধুলা

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি, পিটিশনে ১০ মিলিয়নের বেশি স্বাক্ষর

16067_Screenshot 2026-07-16 at 3.43.48 pm.jpeg

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশনে ১ কোটির বেশি মানুষ স্বাক্ষর করেছেন। রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সমর্থকদের একটি অংশ এই দাবি জানাচ্ছে।

‘আর্জেন্টিনা আউট’ নামে চালু হওয়া এই অনলাইন প্রচারণায় দাবি করা হয়েছে, বিশ্বকাপের চলতি আসরে আর্জেন্টিনা বারবার সুবিধাজনক সিদ্ধান্ত পেয়েছে এবং ফিফা ও ম্যাচ কর্মকর্তারা বর্তমান চ্যাম্পিয়নদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

পিটিশনটি শুরু হয় argentinaout.org প্ল্যাটফর্মে। আর্জেন্টিনার রাউন্ড অব ১৬ ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন করে জয়ের পর এটি ব্যাপক আলোচনায় আসে। সমর্থকদের অভিযোগ, পুরো টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনা এমন কিছু সিদ্ধান্ত পেয়েছে, যা অন্য দলগুলোর ক্ষেত্রে একইভাবে প্রয়োগ করা হয়নি।

পিটিশনে বলা হয়েছে, “আর্জেন্টিনা আউট একটি সমর্থক-নেতৃত্বাধীন প্রচারণা, যার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে সরিয়ে দেওয়ার দাবি জানানো। সব দেশের জন্য একই নিয়ম, স্বচ্ছ রেফারিং এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এই আহ্বানে যোগ দিন।”

তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দলকে শুধুমাত্র সমর্থকদের অনলাইন পিটিশনের ভিত্তিতে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার নজির নেই।

আর্জেন্টিনা ২০২২ সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ২০২৬ সালের আসরেও অন্যতম ফেবারিট দল হিসেবে বিবেচিত হচ্ছে। দলের অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেও বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ রয়েছে। তবে রেফারিং ও ম্যাচ পরিচালনা নিয়ে বিতর্ক নতুন নয়, এবং বড় টুর্নামেন্টে এমন অভিযোগ প্রায়ই দেখা যায়।

সর্বাধিক পঠিত


ভিডিও