খেলাধুলা

দুবারের ব্যালন ডি’অর বিজয়ী কিংবদন্তি কেভিন কিগান মারা গেছেন

16108_IMG_8144.jpeg

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম কেভিন কিগান আর নেই। সাবেক এই অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি মৃত্যুবরণ করেন।

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো কিগানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে জুন মাসে চিকিৎসকেরা জানান, তিনি চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত। সোমবার তার পরিবার এবং সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড পৃথক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে।

 

সত্তর ও আশির দশকে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন কিগান। ছোটখাটো গড়ন হলেও দুরন্ত গতি, অদম্য লড়াইয়ের মানসিকতা এবং গোল করার সহজাত ক্ষমতার জন্য তিনি সমর্থকদের কাছে ‘মাইটি মাউস’ নামে পরিচিতি পান।

 

লিভারপুলের হয়ে তার সাফল্যের তালিকাও ছিল ঈর্ষণীয়। ক্লাবটির জার্সিতে তিনি জিতেছেন তিনটি ফার্স্ট ডিভিশন শিরোপা, একটি এফএ কাপ, দুটি উয়েফা কাপ এবং ১৯৭৭ সালে লিভারপুলের প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন।

 

পরে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে নতুন উচ্চতায় পৌঁছান কিগান। ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপা জয়ের পাশাপাশি ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সম্মানজনক ব্যালন ডি’অর জিতে নিজের কিংবদন্তির মর্যাদা আরও সুদৃঢ় করেন।

 

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ছিল তার উজ্জ্বল ক্যারিয়ার। ৬৩ আন্তর্জাতিক ম্যাচে ২১ গোল করার পাশাপাশি ৩১ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

 

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচ হিসেবেও সাফল্যের ছাপ রেখে যান কিগান। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে আবারও ইংলিশ শীর্ষ লিগে ফিরিয়ে আনেন এবং আক্রমণাত্মক, দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান। পরবর্তীতে তিনি ইংল্যান্ড জাতীয় দল, ফুলহাম এবং ম্যানচেস্টার সিটিরও কোচের দায়িত্ব পালন করেন।

সর্বাধিক পঠিত


ভিডিও