
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি শুধু মাঠেই নন, শুটিং সেটেও তার পেশাদারিত্বের জন্য আলাদা পরিচিত। হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল ফেরেল সম্প্রতি এমন এক তথ্য প্রকাশ করেছেন, যা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তার দাবি, মেসির জন্য হলিউডের শুটিং সেটে বিশেষ নিয়ম মেনে কাজ করতে হয়।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন উইল ফেরেল। তিনি জানান, আন্তর্জাতিক চিপস ব্র্যান্ড লেইস-এর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অভিনেতা স্টিভ ক্যারেল মেসির সঙ্গে কাজ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথাই পরে ফেরেলকে জানান ক্যারেল।
ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসি শুটিংয়ের জন্য মাত্র ৩০ মিনিট সময় বরাদ্দ রাখেন। এই স্বল্প সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ শেষ করতে হয়। ফলে পরিচালক, ক্যামেরা টিম এবং পুরো প্রযোজনা ইউনিটকে মেসি সেটে পৌঁছানোর আগেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়। আলো, ক্যামেরা, লোকেশন—সবকিছু প্রস্তুত না থাকলে শুটিং সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।
সাধারণত বিজ্ঞাপন বা সিনেমার শুটিংয়ে একটি দৃশ্য একাধিকবার ধারণ করা হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই সুযোগ প্রায় থাকে না। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে অতিরিক্ত একটি শটের জন্যও তিনি অপেক্ষা করেন না। কাজ শেষ হোক বা না হোক, সময় শেষ হলেই তিনি সেট ছাড়েন।
বিষয়টি নিয়ে রসিকতাও করেন উইল ফেরেল। তিনি বলেন, সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়, নয়তো মেসি উঠে দাঁড়িয়ে শুধু একটি শব্দ বলেন—‘ভামোস’, এরপরই তিনি শুটিং সেট ত্যাগ করেন।
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছে মেসিকে। মাঠের পারফরম্যান্সের মতো বাণিজ্যিক অঙ্গনেও তার জনপ্রিয়তা তুঙ্গে। তবে তার ব্যস্ত সময়সূচি এবং কঠোর সময়ানুবর্তিতার সঙ্গে তাল মিলিয়েই শুটিংয়ের পুরো পরিকল্পনা সাজাতে হয় সংশ্লিষ্টদের।
এদিকে মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হয়তো ইতোমধ্যেই হয়ে গেছে। যদিও তিনি আশা প্রকাশ করেছেন, আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলবেন এই কিংবদন্তি ফুটবলার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি নিজেই।