খেলাধুলা

ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করল রিয়াল মাদ্রিদ

16298_IMG_9327.jpeg

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে। নতুন চুক্তির আওতায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন। এর মাধ্যমে গত কয়েক মাস ধরে চলা চুক্তি নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ভিনিসিয়াস নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৩৭৫টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ১২৮টি গোল। পাশাপাশি অসংখ্য গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট করে দলের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস ইতোমধ্যে জিতেছেন ১৪টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, তিনটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং দুটি উয়েফা সুপার কাপ। ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও গোল করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ ভিনিসিয়াস। ২০২৪ সালে তিনি দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জেতেন। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং একাধিকবার ফিফা ওয়ার্ল্ড একাদশে জায়গা করে নেন।

চুক্তি নবায়নের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্পষ্ট বার্তা দিয়েছে যে, ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম প্রধান মুখ ভিনিসিয়াস জুনিয়র। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে বিভিন্ন ইউরোপীয় ক্লাবের আগ্রহের গুঞ্জন থাকলেও নতুন এই চুক্তির মাধ্যমে সেই অনিশ্চয়তার ইতি টানল স্প্যানিশ ক্লাবটি।


 

সর্বাধিক পঠিত


ভিডিও