
দীর্ঘ তিন বছর ভাড়া অপরিবর্তিত থাকার পর অবশেষে বাড়ল লন্ডনের বাস ও ট্রামের ভাড়া। গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন ভাড়া। এতে প্রাপ্তবয়স্ক যাত্রীদের প্রতি একক যাত্রায় আগের তুলনায় ১০ পেন্স বেশি গুনতে হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লন্ডনে বাস ও ট্রামের সাধারণ একক যাত্রার ভাড়া ১ পাউন্ড ৭৫ পেন্স থেকে বাড়িয়ে ১ পাউন্ড ৮৫ পেন্স করা হয়েছে। একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে একাধিক বাস বা ট্রামে যাতায়াতের সুযোগ থাকা ‘হপার ফেয়ার’-এর ভাড়াও ১ পাউন্ড ৮৫ পেন্স নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দৈনিক যাতায়াতের সর্বোচ্চ ভাড়া বা ডেইলি ক্যাপ ৫ পাউন্ড ২৫ পেন্স থেকে বেড়ে হয়েছে ৫ পাউন্ড ৫৫ পেন্স। বিশেষ ছাড়ের আওতাভুক্ত কনসেশন কার্ডধারীদের একক যাত্রার ভাড়া বেড়েছে ৫ পেন্স।
২০২৩ সালের মার্চ থেকে লন্ডনের বাস ও ট্রামের ভাড়া অপরিবর্তিত ছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে লন্ডনের মেয়র সাদিক খান চলতি বছরের গ্রীষ্মের শুরুতে এই ভাড়া স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই ভাড়া স্থগিতের সিদ্ধান্তের অবসান ঘটল।
এদিকে, বাস ও ট্রামের ভাড়া বাড়লেও লন্ডনের আন্ডারগ্রাউন্ড, ট্রেন এবং ট্রাভেলকার্ডের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। এসব পরিবহনের ভাড়া ২০২৭ সালের মার্চ পর্যন্ত বর্তমান পর্যায়ে বহাল থাকার কথা রয়েছে।
ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) জানিয়েছে, লন্ডনের গণপরিবহন যেন সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য থাকে, সে বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভাড়া থেকে পাওয়া অর্থ লন্ডনের পরিবহনসেবার মান উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে পুনরায় বিনিয়োগ করা হবে।
টিএফএলের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের অন্যান্য এলাকার তুলনায় লন্ডনে বাসের ভাড়া এখনো অন্যতম কম। গত এক দশকে মাত্র তিনবার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানো হলে বর্তমানে যে পরিমাণ হওয়ার কথা, প্রকৃত ভাড়া তার চেয়ে ১৭ শতাংশ কম রয়েছে।