
অরিজিৎ সিংয়ের অবসরের খবরটি শেলের মতো বিঁধেছে অনুরাগীদের বুকে। গায়ক প্লেব্যাক থেকে সরে আসার কারণ জানালেও মানতে পারছেন না ভক্তরা। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ৫০০ কোটি রুপির বিনিময়ে প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন গায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্লেব্যাক থেকে সরে দাঁড়িয়ে এবার শুধু ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পরিবারের জন্যই গান গাইবেন অরিজিৎ সিং। স্বেচ্ছায় অবসরের জন্য মুকেশ পুত্র অনন্ত আম্বানির থেকে নাকি ৫০০ কোটি টাকা নিয়েছেন গায়ক! এই বড় অংকের অর্থের বিনিময়ে প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।
শুধু তাই নয়, আরও দাবি করা হয়েছে, যে কণ্ঠ কোটি মানুষের মন জুড়াতো এখন থেকে কেবল অ্যান্টিলিয়ার সম্পত্তি। সকালের নাস্তা খেতে খেতে অনন্ত আম্বানি এখন গায়কের জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’ গানটি লাইভ শুনবেন। বলার অপেক্ষা রাখে না, আম্বানি হাতে থাকা ‘জিও’র পর এটাই রিলায়েন্স ইন্ডাস্ট্রির সব থেকে বড় মনোপলির নজির। এতদূর পড়ে নিশ্চয় ঘাবড়ে গেছেন? ভাবছেন এসব কী? ঘাবড়ানোর কিছু নেই। এটা আসলে স্যাটায়ার কমিউনিটির একটি ইনস্টাগ্রাম পোস্ট।
২৭ জানুয়ারি হঠাৎ করেই প্লেব্যাক থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণায় দেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। গায়কের এমন সিদ্ধান্তে সংগীত পাড়ার অন্দরে বইছে নানা গুঞ্জন। কেউ কেউ মনে করছেন তিনি সাময়িক বিরতি নিয়েছেন, কেউ আবার বলছেন অভিমান থেকে এই সিদ্ধান্ত। সংগীত ছেড়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় সয়লাব নানা মিম।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। দুই দশকেরও কম সময়ে জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৫ সালে পেয়েছেন ‘পদ্মশ্রী’ পদক।