
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসে এক হোটেলকর্মীকে হত্যার দায়ে এক আশ্রয়প্রার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার কভেন্ট্রি ক্রাউন কোর্ট ডেং মাজেক নামের ওই ব্যক্তিকে ন্যূনতম ২৯ বছর কারাভোগের আদেশ দেন। নিহত রিয়ানন হোয়াইট (২৭) সেই হোটেলেই কর্মরত ছিলেন, যেখানে অভিযুক্ত অস্থায়ীভাবে অবস্থান করছিলেন।
আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ওয়ালসালের বেসকট স্টেডিয়াম রেলস্টেশনে রিয়ানন হোয়াইটের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও তিন দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তের কোনো সুস্পষ্ট উদ্দেশ্য আদালতে প্রতিষ্ঠিত হয়নি।
সাজা ঘোষণার সময় নিহতের মা সিওভান হোয়াইট আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, মেয়েকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব এবং এই ক্ষতি তাদের পরিবারের জন্য আজীবনের। একই সঙ্গে তিনি সরকারের প্রতি অভিবাসন নীতিতে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
নিহতের বোন অ্যালেক্স হোয়াইট আদালতে দেওয়া বক্তব্যে জানান, তিনি এখন তার বোনের ছোট ছেলেকে লালন-পালন করছেন। মায়ের মৃত্যুর খবর শিশুটিকে বোঝানো ছিল অত্যন্ত কষ্টকর বলে তিনি উল্লেখ করেন।
বিচারক মি. জাস্টিস সুলে রায়ে বলেন, নিহত নারী সাহসিকতার সঙ্গে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, তবে অভিযুক্তের সহিংসতা ছিল দীর্ঘস্থায়ী ও নির্মম। ঘটনার পর অভিযুক্তের আচরণে কোনো অনুশোচনা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ডেং মাজেক সুদানের নাগরিক। তিনি হামলার প্রায় তিন মাস আগে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং বৈধভাবে আশ্রয়ের আবেদন করেন। ঘটনার সময় তিনি একটি হোটেলে অবস্থান করছিলেন, যা আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী আবাস হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
মামলার আগে অভিযুক্তের বয়স নিয়ে বিভ্রান্তি থাকায় আদালত একটি বয়স নির্ধারণ প্রতিবেদন চেয়েছিল। প্রতিবেদনে তাকে ২১ বছরের বেশি বয়সী হিসেবে চিহ্নিত করা হয় এবং বিচারক তার বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে বলে মত দেন। বিচার চলাকালে উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে জুরি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
রায় ঘোষণার সময় আদালতের বাইরে অভিবাসনবিরোধী বিক্ষোভ দেখা যায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।