
যুক্তরাজ্যের ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি (ডিভিএলএ) গাড়ির কর বা ভেহিকল এক্সাইজ ডিউটি (ভিইডি) সময়মতো পরিশোধ না করলে চালকদের জন্য ‘গুরুতর পরিণতি’ হতে পারে, এমন সতর্কবার্তা জারি করেছে। দেশজুড়ে গাড়িচালকদের সচেতন করতে ডিভিএলএ একটি নতুন জাতীয় প্রচারাভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে “নোবডি উইনস”।
এই প্রচারাভিযানের লক্ষ্য যুক্তরাজ্যের চার কোটিরও বেশি চালককে তাদের গাড়ির কর নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া। ডিভিএলএর পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো কর পরিশোধে ব্যর্থ হলে বড় অঙ্কের জরিমানা, এমনকি গাড়ি ক্ল্যাম্প করার মতো কঠোর ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
নতুন প্রচারণার অংশ হিসেবে ডিভিএলএ ‘ক্ল্যাম্পি’ নামে একটি অভিনব চরিত্র তৈরি করেছে, যা একটি কথা বলা হুইল ক্ল্যাম্প হিসেবে উপস্থাপিত হবে। আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চলমান এই প্রচারণায় ক্ল্যাম্পিকে ব্যবহার করে কর না দেওয়ার ফলে গাড়ি আটকে যাওয়ার বিরক্তি ও ভোগান্তি তুলে ধরা হবে। ডিভিএলএর ভাষায়, ক্ল্যাম্পি দেখাবে কীভাবে সামান্য অবহেলার কারণে চালকদের বড় ধরনের অসুবিধায় পড়তে হয়।
ডিভিএলএ জানিয়েছে, যুক্তরাজ্যের সড়কে চলাচলকারী প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ যানবাহন বর্তমানে কর পরিশোধের আওতায় রয়েছে। তবে এই হার আরও বাড়াতে সংস্থাটি উদ্যোগ জোরদার করেছে। সংস্থাটির নিজস্ব রেকর্ডের ভিত্তিতে করবিহীন গাড়ির মালিকদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে।
ডিভিএলএর প্রধান নির্বাহী টিম মস সিবিই বলেন, অধিকাংশ চালক নিয়মিত তাদের গাড়ির কর পরিশোধ করেন, কিন্তু যারা সময়মতো কর দেন না, তাদের জন্য পরিণতি হতে পারে গুরুতর। তিনি জানান, কর পরিশোধের সময় হলে চালকদের স্মরণ করিয়ে দেওয়া হয় এবং শেষ উপায় হিসেবেই করবিহীন গাড়িতে ক্ল্যাম্প লাগানো হয়। তার মতে, গাড়ির কর পরিশোধ একটি সহজ ও দ্রুত প্রক্রিয়া, যা অনলাইনে সম্পন্ন করা সম্ভব।
তিনি আরও বলেন, ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে ভেহিকল এক্সাইজ ডিউটি পরিশোধ করলে চালকরা সহজেই নবায়নের সময়সূচির সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং খরচও কিস্তিতে দেওয়া যায়।
ডিভিএলএর একটি বৃহৎ এনফোর্সমেন্ট টিম রয়েছে, যারা সারা দেশে করবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। এছাড়া ‘ডিভলভড পাওয়ার পার্টনার’ প্রকল্পের আওতায় স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ বাহিনীকেও গাড়ি ক্ল্যাম্প করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ডিভিএলএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম শহরে সবচেয়ে বেশি করবিহীন গাড়ি ক্ল্যাম্প করা হয়েছে। শুধু লন্ডনেই ওই বছরে ১৬ হাজার ৫৫৭টি গাড়িতে ক্ল্যাম্প বসানো হয়। ম্যানচেস্টারে এই সংখ্যা ছিল ৯ হাজার ১৭৪ এবং বার্মিংহামে ৭ হাজার ৩৬৯। এ ছাড়া কার্ডিফ, গ্লাসগো, ব্রিস্টল, বেলফাস্ট ও এডিনবরাও তালিকার শীর্ষ শহরগুলোর মধ্যে রয়েছে।
ডিভিএলএ চালকদের প্রতি আবারও আহ্বান জানিয়েছে, অপ্রয়োজনীয় জরিমানা ও ভোগান্তি এড়াতে যেন সবাই সময়মতো গাড়ির কর নবায়ন করেন।