
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডায় ঢাকা-১১ আসনে নির্বাচনি জনসভায় গিয়ে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, আমার থেকে আপনারা নাহিদকে ভালো চেনেন। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।
তিনি বলেন, এ দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখার সেই শপথ ছিল না। দেশের প্রতি দায় ছিল না। এই জন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদের হতাশ করবে না।
এর আগে নাহিদ ইসলাম বলেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের সেই পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে ১২ ফেব্রুয়ারি। দেশকে দখলদার মুক্ত, আধিপত্য মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে সেইদিন।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল।
কিন্তু এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে আসছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। ঢাকা-১১ আসনের বহু মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে।
এই আসনের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানের সময় এবং জীবনের ২৮ বছর আশ্রয় দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এখন সেই ঋণ শোধ করার সময়। আমাকে সেই সুযোগ দিলে বাকি জীবন ধরে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই।