যুক্তরাজ্য

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২
আরও খবর

’ড্রাগনস ডেন‘ তারকা শাফ রাসুল আর নেই

14423_IMG_3017.jpeg

বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান Dragons’ Den এর অনলাইন সংস্করণের তারকা ও খ্যাতিমান ব্যবসায়ী শাফ রাসুল ৫৫ বছর বয়সে মারা গেছেন। পরিবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের বিবৃতিতে জানানো হয়, শাফকাত রাসুল ছিলেন সোহাইব ও সারাহ রাসুলের স্নেহময় পিতা, নাবিলা রাসুলের প্রিয় স্বামী, মরহুম হাজি গুলাম রাসুল ও পারভিন আখতারের সন্তান এবং জাহিদ, শাহিদ, আশফাক, এমএল আবিদ ও জুয়ারিয়াহর প্রিয় ভাই। শোকাহত পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনা এবং এই কঠিন সময়ে পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছে।

২০০৯ সালে অনুষ্ঠানটির অনলাইন সংস্করণ চালু হলে সেখানে ড্রাগন হিসেবে অংশ নেন শাফ রাসুল। উপস্থাপক ডমিনিক বাইর্নের সঞ্চালনায় সম্প্রচারিত এই বিশেষ সংস্করণে তাঁর সঙ্গে ড্রাগন হিসেবে ছিলেন জুলি মেয়ার। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক পর্বগুলো প্রচারিত হয়।

নব্বইয়ের দশকের শুরুতে ব্যবসা জীবন শুরু করেন শাফ রাসুল। পরবর্তীতে ই নেট কম্পিউটারস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বনির্মিত বহু কোটিপতি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান। ড্রাগনস ডেনে অংশ নেওয়ার এক বছর আগে তিনি যুক্তরাজ্যের এশিয়ান ধনীদের শীর্ষ ২০ জনের তালিকায় স্থান করে নেন।

তাঁর মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। জনসংযোগ সংস্থা টাইগারবন্ডের সহপ্রতিষ্ঠাতা ক্রিস গিলমোর বলেন, প্রায় ২৫ বছর ধরে শাফ তাঁর ক্লায়েন্ট ছিলেন এবং সবসময় জীবন ও ব্যবসা নিয়ে একই রকম উদ্দীপনা ধরে রেখেছিলেন। তিনি বলেন, অসংখ্য মানুষের জীবনে শাফের ইতিবাচক প্রভাব রয়েছে এবং নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিতে তিনি সদা প্রস্তুত থাকতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই স্মৃতিচারণ করেছেন। এক সাবেক সহপাঠী তাঁকে মেধাবী ও প্রাণবন্ত মানুষ হিসেবে উল্লেখ করেন। অন্য এক শোকবার্তায় বলা হয়, তাঁর ইতিবাচক মনোভাব, উষ্ণ আচরণ ও বড় হৃদয়ই মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।


 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও