
স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় দ্বিতীয় বাড়ির মালিকদের ওপর কাউন্সিল ট্যাক্সে বড় ধরনের বৃদ্ধি আরোপ করা হচ্ছে। নতুন নীতিমালার ফলে প্রায় পাঁচ হাজার পরিবারকে তাদের স্বাভাবিক কাউন্সিল ট্যাক্সের ওপর অতিরিক্ত ৩০০ শতাংশ প্রিমিয়াম দিতে হবে, যার ফলে অনেকের বার্ষিক বিল চার গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।
আগামী এপ্রিল থেকে এডিনবরো ও স্কটিশ হাইল্যান্ডস এলাকায় এই নতুন কর ব্যবস্থা কার্যকর হবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বাড়ি বা হলিডে হোম হিসেবে ব্যবহৃত সম্পত্তির সংখ্যা কমানো এবং সেগুলোকে স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্কটিশ সরকারের গত বছরের একটি আইনের মাধ্যমে স্থানীয় কাউন্সিলগুলোকে দ্বিতীয় বাড়ির ওপর নিজস্ব প্রিমিয়াম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতার ভিত্তিতেই বিভিন্ন কাউন্সিল এখন উচ্চ হারে কর আরোপ করছে।
নতুন নিয়ম অনুযায়ী হাইল্যান্ডস এলাকায় গড় একটি ব্যান্ড ডি শ্রেণির বাড়ির জন্য কাউন্সিল ট্যাক্স বছরে প্রায় ৬ হাজার ৫৩৬ পাউন্ডে পৌঁছাতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই প্রিমিয়াম আরও বাড়তে পারে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছর তা ৩৫০ শতাংশে এবং ২০২৮ সালের মধ্যে ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে একই ধরনের বাড়ির বার্ষিক কাউন্সিল ট্যাক্স প্রায় ৮ হাজার ১৭০ পাউন্ডে পৌঁছাতে পারে।
হাইল্যান্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, স্কটল্যান্ডে তাদের এলাকাতেই দ্বিতীয় বাড়ি ও দীর্ঘদিন খালি পড়ে থাকা সম্পত্তির সংখ্যা সবচেয়ে বেশি। কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ প্রিমিয়াম আরোপ করলে কাউন্সিল ট্যাক্স ব্যবস্থায় ন্যায্যতা বাড়বে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ির প্রাপ্যতা বৃদ্ধি পাবে।
স্কটিশ পার্লামেন্টের হাইল্যান্ডস অ্যান্ড আইল্যান্ডস অঞ্চলের প্রতিনিধি আরিয়ানে বার্গেস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় ও হলিডে হোমের বিপুল সংখ্যার কারণে স্থানীয় মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থানের সংকট তৈরি হয়েছে। নতুন ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলগুলো ব্যবস্থা নিচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য আরও বেশি বাড়ি বাজারে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও রয়েছে। অ্যাডাম স্মিথ ইনস্টিটিউটের নীতিবিশ্লেষক জোয়ানা মার্চং বলেন, দ্বিতীয় বাড়ির ওপর এভাবে কর বাড়ানো মূল সমস্যার সমাধান নয়। তার মতে, এ ধরনের শাস্তিমূলক কর আরোপ স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে না এবং আবাসন সংকটও দূর করবে না।
এডিনবরো সিটি কাউন্সিলের নেতা জেন মিগার বলেন, দ্বিতীয় বাড়ির ওপর উচ্চ প্রিমিয়ামের উদ্দেশ্য হলো মালিকদের স্থায়ী বাসস্থান হিসেবে সেগুলো ব্যবহার করতে উৎসাহিত করা, যাতে শহরে বসবাসযোগ্য বাড়ির সংখ্যা বাড়ে।
স্কটল্যান্ডজুড়ে বর্তমানে প্রায় ২১ হাজার ৬০০টি দ্বিতীয় বাড়ি রয়েছে, যা দেশটির মোট আবাসনের প্রায় শূন্য দশমিক আট শতাংশ। আইল অব অ্যারান, আইল অব স্কাই এবং ওয়েস্টার রসের মতো এলাকায় দ্বিতীয় ও হলিডে হোমের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি বলে জানা গেছে।