
যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে Met Office। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার শক্তিশালী বাতাসের কারণে দেশের অন্তত ১১টি অঞ্চলে মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম দিক থেকে আসা নিম্নচাপের কারণে বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস বয়ে যেতে পারে। কিছু এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৫০ থেকে ৫৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে এবং উপকূলীয় অঞ্চল বা পাহাড়ি এলাকার নিচু স্থানে দমকা হাওয়া ৬০ থেকে ৭০ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তর ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের বড় অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য আলাদা একটি সতর্কতা জারি করা হয়েছে, যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত কার্যকর থাকবে।
এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের পর এবার ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর স্কটল্যান্ডে বুধবার থেকেই প্রবল বাতাস শুরু হয়েছে এবং বৃহস্পতিবার তা ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হবে।
মেট অফিস জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সড়ক ও গণপরিবহনে বিঘ্ন ঘটতে পারে। তাই ভ্রমণের আগে রাস্তার অবস্থা এবং বাস ও ট্রেনের সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের কথাও মাথায় রেখে বাসিন্দাদের আগে থেকেই টর্চ, অতিরিক্ত ব্যাটারি এবং মোবাইল চার্জ রাখার মতো জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের ঝুঁকির কথা উল্লেখ করে সতর্ক করা হয়েছে। প্রবল ঢেউ কখনও কখনও তীর থেকেও মানুষকে সাগরে টেনে নিতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই সমুদ্রতট বা খাড়াই পাহাড়ের ধারে হাঁটার সময় বিশেষ সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে কল করে কোস্টগার্ডের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ঝড়ো আবহাওয়া কেটে যাওয়ার পর যুক্তরাজ্যে তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে বিশেষ করে উত্তরাঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে প্রায় মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে ঝড়ের পরেই দেশজুড়ে একটি তীব্র শীতল আবহাওয়া বা ‘আর্কটিক ব্লাস্ট’-এর সম্ভাবনাও দেখা দিয়েছে।