বাংলাদেশ

আজ থেকে স্পিকার আর কোনো দলের নন: সংসদে প্রধানমন্ত্রী

14677_IMG_6564.jpeg

জাতীয় সংসদের স্পিকার কোনো নির্দিষ্ট দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে অর্থবহ করে তুলতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন; তিনি পুরো সংসদের অভিভাবক। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় তার নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত সময়ে যারা নিজেদের সংসদ সদস্য হিসেবে পরিচয় দিতেন, তাদের কেউই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। তবে বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।তিনি আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়; বরং সুনির্দিষ্ট যুক্তি ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

বক্তব্যের শেষদিকে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। এছাড়া মহান আল্লাহর দরবারে জাতীয় সংসদের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

সর্বাধিক পঠিত


ভিডিও