
যুক্তরাজ্যজুড়ে ডাক বিতরণে বড় ধরনের বিঘ্নের কথা জানিয়েছে রয়্যাল মেইল। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড মিলিয়ে মোট ৮৮টি পোস্টকোড এলাকায় চিঠিপত্র ও পার্সেল ডেলিভারিতে দেরি হচ্ছে।
রয়্যাল মেইল জানিয়েছে, কিছু এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে ডাক পৌঁছানো সম্ভব হচ্ছে না। বর্তমানে ৩২টি ডেলিভারি অফিসে এই সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বিস্তৃত পোস্টকোড অঞ্চলে। গত ২৪ ঘণ্টায় তাদের বিমান ও সড়ক নেটওয়ার্ক স্বাভাবিকভাবে চললেও সব মেইল নির্ধারিত সময় অনুযায়ী প্রক্রিয়াকরণ ও পাঠানো সম্ভব হয়নি।
বিশেষ করে Plymouth মেইল সেন্টারে সমস্যা দেখা দিয়েছে। সেখানে PL পোস্টকোড এলাকার কিছু মেইল, যা গতকাল পাঠানো হয়েছিল, আজ যুক্তরাজ্যের অন্যান্য এলাকায় সময়মতো পৌঁছাতে পারছে না।
প্রতিষ্ঠানটি বলেছে, তারা সপ্তাহে ছয় দিন সব ঠিকানায় ডাক পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখে। তবে কিছু স্থানীয় অফিসে কর্মীদের অসুস্থতা, জনবল সংকট বা অন্যান্য কারণে সাময়িকভাবে এই সেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গ্রাহকদের ওপর প্রভাব কমাতে বিভিন্ন এলাকায় পালাক্রমে ডেলিভারি চালু রাখা হচ্ছে।
রয়্যাল মেইল আরও জানিয়েছে, সমস্যাগ্রস্ত অফিসগুলোতে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে দ্রুত সেবা স্বাভাবিক করা যায়। গ্রাহকদের ভোগান্তির জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে এবং তাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ডাক সরবরাহে ব্যর্থ হওয়ায় রয়্যাল মেইলকে ২ কোটি ১০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ৭৭ শতাংশ প্রথম শ্রেণির এবং ৯২.৫ শতাংশ দ্বিতীয় শ্রেণির ডাক সময়মতো পৌঁছানো হয়েছিল, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই কম।
এই চলমান সমস্যার মধ্যেই আগামী মাস থেকে ডাকটিকিটের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন দরে প্রথম শ্রেণির স্ট্যাম্পের মূল্য হবে ১.৮০ পাউন্ড এবং দ্বিতীয় শ্রেণির স্ট্যাম্পের দাম বেড়ে দাঁড়াবে ৯১ পেনি। ফলে সেবা বিঘ্নের পাশাপাশি বাড়তি খরচও গ্রাহকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।