সংস্কৃতি ও বিনোদন

প্রথম দিনেই ‘প্রিন্স’র আয়ে বাজিমাত

14798_IMG_7961.jpeg

ঈদ মানেই বাংলা সিনে জগতে শাকিব খানের জয়জয়কার। প্রতি ঈদেই সিনে পর্দাকে আলোকিত করেন ঢালিউড কিং। এবারও ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে নতুন মোড়কে এলেন তিনি। ঈদের দিন মুক্তি পেয়েছে ‘প্রিন্স’। প্রথম দিনেই রেকর্ড করা আয় করল সিনেমাটি।

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নব্বই দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।

বিএমআরের দেয়া তথ্যমতে, দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকিটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালোই সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘প্রিন্স’।

প্রাপ্ত হিসাব অনুযায়ী, গতকাল শনিবার (২১ মার্চ) লায়ন সিনেমাস (৫টি শো), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি শো), মন ইন (৪টি শো), মনিহার সিনেপ্লেক্স (৪টি শো), মধুবন সিনেপ্লেক্স (৪টি শো), শ্যামলী (৪টি শো), সিনেস্কোপ (৪টি শো) এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (৪টি শো) মিলিয়ে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে।

এর মধ্যে ৩১টি শো’র মধ্যে ২৬টি শো-ই ছিল পুরোপুরি ‘হাউজফুল’। এছাড়া একটি শো ছিল অলমোস্ট ফুল। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা।

শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয় বরং মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা ছক ভেঙে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় নিয়েছেন।

বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তসনিয়া ফারিণকে। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজের মতো শক্তিমান অভিনেতারা।
 

সর্বাধিক পঠিত


ভিডিও