বাংলাদেশ

দুই চোরকে গানের তালে নাচালেন এলাকাবাসী

14946_IMG_9401.jpeg

নরসিংদীতে দুই চোরকে ধরে গানের তালে তালে নাচিয়েছেন এলাকাবাসী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৪ এপ্রিল) নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় এক চোর আরেক চোরকে লাঠি দিয়ে আঘাত করে করে নাচ করছেন।

অভিযুক্ত চোর জুবায়ের মিয়া (১৬) উপজেলার সিএন্ডবি এলাকার আনোয়ার মিয়ার ছেলে। অপর চোর রিপন মিয়া (৩৫) জয়নগর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

জানা যায়, নরসিংদী শহরের বানিয়াছল বটতলা এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার মালিক রাজা মিয়া। তার অটোরিকশাটি শহরের ভেলানগর হিরন মিয়ার গ্যারেজে রাখা হত এবং সেখান থেকেই দীর্ঘদিন যাবৎ ভাড়ায় চালাত জুবায়ের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অটোরিকশাটি নিয়ে বের হয় জুবায়ের। রাত হলেও আর গ্যারেজে ফেরেনি সে। পরদিন শুক্রবার শহরের আল্লাহু চত্বর এলাকার কাশেমের ভাঙ্গারির দোকানে অটোরিকশাটি বিক্রি করতে নিয়ে যায় তারা দুজন।

খবর পেয়ে নরসিংদী শহর ছাত্রদল নেতা মো. তাশরিফুল হাসান মারুফ ও গ্যারেজ মালিক হিরন মিয়াসহ এলাকার লোকজন গিয়ে তাদের দুজনকে অটোরিকশাসহ ভেলানগর এলাকায় নিয়ে আসে। পরে তাদের শাস্তিস্বরূপ গ্যারেজের ভিতর গানের তালে তালে নাচানো হয়।

নরসিংদী ছাত্রদল নেতা মো. তাশরিফুল হাসান মারুফ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি বিক্রির জন্য কাশেমের ভাঙ্গারির দোকানে নিয়ে যায় দুই চোর। পরে গাড়িটির দাম কম বলায় ভাঙ্গারির দোকানদার কাশেম মিয়ার সন্দেহ হলে আমাকে ফোন দিয়ে ঘটনাটি অবহিত করে। পরে আমি ও গ্যারেজ মালিক হিরন মিয়াসহ এলাকার কয়েকজন মিলে ভাঙ্গারির দোকানে গিয়ে তাদের গাড়িসহ হাতেনাতে ধরি। পরে তাদের গ্যারেজে এনে শাস্তিস্বরূপ গানের তালে তালে নাচিয়ে এক পর্যায়ে পুলিশের হাতে তুলে দেই।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল-মামুন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে হিরন মিয়া নামে একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও