
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ লন্ডনে এক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদকারীদের উদ্দেশে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার কেন্দ্রীয় লন্ডনে একটি লাইভ অনুষ্ঠানে তাকে বাধা দেন কয়েকজন দর্শক, যেখানে একজন অভিযোগ করেন যে তিনি নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকের নীতির অনুকরণ করছেন।
অনুষ্ঠানটি, যা কমেডিয়ান ম্যাট ফোর্ড উপস্থাপনা করছিলেন, সেখানে এক ব্যক্তি বলেন মাহমুদ “রিফর্মের থেকেও বেশি রিফর্মমুখী নীতি নিচ্ছেন।” এ সময় আরও কয়েকজন “শরণার্থীদের স্বাগত” বলে স্লোগান দেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেয়।
জবাবে মাহমুদ বলেন, তাকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং অভিবাসন নিয়ে সাধারণ মানুষের “যৌক্তিক উদ্বেগকে খাটো করা হচ্ছে।” তিনি আরও বলেন, এই সমালোচনার মধ্যে বর্ণবাদের একটি দিক রয়েছে—একজন “ব্রাউন নারী” হিসেবে তিনি এমন মত প্রকাশ করছেন যা কিছু “সাদা উদারপন্থী” মেনে নিতে চান না।
বর্তমানে অভিবাসন ও আশ্রয় নীতিতে কঠোর অবস্থানের কারণে নিজ দল লেবার পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন তিনি। তার প্রস্তাবিত নীতিগুলোর মধ্যে রয়েছে—
* শরণার্থীদের স্থায়ী সুরক্ষা বাতিল করে প্রতি ৩০ মাসে পুনর্মূল্যায়ন
* নিরাপদ হলে নিজ দেশে ফেরত পাঠানো
* স্বনির্ভর না হওয়া পর্যন্ত পরিবার আনার অনুমতি না দেওয়া
* স্থায়ী বসবাসের যোগ্যতা পেতে সময়সীমা ২০ বছর করা
* বিদেশি কর্মীদের জন্য স্থায়ী বসবাসের সময় ৫ থেকে ১০ বছর করা
এছাড়া, এসব পরিবর্তনের মাধ্যমে ১০ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের দাবি করা হলেও একটি থিংকট্যাংক জানিয়েছে, সরকারি তথ্য অনুযায়ী অভিবাসীদের পরিবার দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে।
মাহমুদ আরও বলেন, ক্ষমতায় আসার পর লেবার পার্টির কাজের ধীরগতিতে তিনি হতাশ।