যুক্তরাজ্য

২ মে ২০২৬, ২২:০৫
আরও খবর

লন্ডনে গাড়ি থেকে গুলিবর্ষণে চারজন আহত

15271_IMG_2040.jpeg

দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে শনিবার ভোররাতে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২৫ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ২১, ৪৭ ও ৭০ বছর বয়সী আরও তিনজন আহত হলেও তাদের আঘাত প্রাণঘাতী নয়।

শনিবার ভোর প্রায় ১টা ১৫ মিনিটে (BST) কোল্ডহারবার লেনে গুলির ঘটনার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে।

‘এলোপাতাড়ি সহিংসতা’

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, “আমরা ঘটনাস্থলে চারজনকে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে দুজনকে বড় ট্রমা সেন্টারে এবং অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।”

শনিবার পুলিশ সাউথওয়াইক হাউস এস্টেটের কাছাকাছি এলাকায় তল্লাশি চালায়। কোল্ডহারবার লেনের একটি অংশ ঘিরে রাখা হয়েছে এবং রাস্তাটি রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় এক সুপারমার্কেট কর্মী মোহ জন (৪৫) জানান, ঘটনাস্থলের কাছে একটি “পার্টি” চলছিল এবং তিনি মানুষজনকে দৌড়ে পালাতে দেখেছেন।
তিনি বলেন, “আমি কাজ করছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনি। এলাকা খুব ব্যস্ত ছিল, পার্টি হচ্ছিল। তারপর মানুষজন ভয়ে দোকানে ঢুকতে চাইলে আমি দরজা বন্ধ করে দিই।”

তিনি আরও বলেন, দোকানে আসা লোকজন খুবই আতঙ্কিত ছিল এবং তিনি কিছু সময়ের জন্য দরজা বন্ধ রেখেছিলেন।

আরেক স্থানীয় বাসিন্দা রবার্ট (৪০) জানান, তিনি ঘটনাটি দেখেননি কারণ তিনি পুরো রাত ঘরের ভেতরেই ছিলেন, তবে তার ধারণা এটি একটি ভিড়পূর্ণ বারবিকিউ অনুষ্ঠানের সময় ঘটেছে।

তদন্তের নেতৃত্বদানকারী ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর আল্লাম ভাঙ্গু এই ঘটনাকে “এলোপাতাড়ি সহিংসতার ঘটনা” বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “এটি স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগজনক। আমরা দ্রুত দায়ীদের শনাক্ত করতে কাজ করছি।”

পুলিশ জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং আগামী কয়েকদিন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও