যুক্তরাজ্য

৮ মে ২০২৬, ১৪:০৫
আরও খবর

রিফর্ম ইউকের উত্থানে ব্রিটিশ রাজনীতিতে আলোড়ন, স্টারমারের পদত্যাগ দাবি লেবার ইউনিয়নের

15342_01C-reform-labour-policies.jpg

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে নাটকীয় ফলাফলের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন, তার দল ঐতিহ্যগতভাবে শক্তিশালী লেবার ও কনজারভেটিভ ঘাঁটিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে এবং ব্রিটিশ রাজনীতিতে “বাম-ডান বিভাজনের রাজনীতি” এখন কার্যত শেষ হয়ে গেছে।

ইংল্যান্ডজুড়ে স্থানীয় নির্বাচনের ফল প্রকাশ শুরু হওয়ার পর লন্ডনের হ্যাভারিং বরোতে রিফর্ম ইউকের প্রথম জয় উদযাপন করতে গিয়ে ফারাজ বলেন, বহু ঐতিহ্যবাহী লেবার এলাকায় তার দল লেবার পার্টিকে কার্যত “মুছে ফেলছে”। একইসঙ্গে তিনি দাবি করেন, কনজারভেটিভ পার্টিও তাদের শক্ত ঘাঁটিগুলোতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে।

ক্ল্যাকটনের এমপি ফারাজ বলেন, “আজকের ফলাফল ব্রিটিশ রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাম-ডান রাজনীতির যুগ শেষ। মানুষ এখন নতুন বিকল্প খুঁজছে এবং রিফর্ম ইউকেই সেই বিকল্প হয়ে উঠছে।”

স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের ব্যাপক সাফল্যের ফলে লেবার পার্টির ঐতিহ্যবাহী ‘রেড ওয়াল’ অঞ্চলগুলোতে সমর্থন কমে যাওয়ার স্পষ্ট আভাস পাওয়া গেছে। এখন পর্যন্ত দলটি ৩০০টিরও বেশি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে, যা ব্রিটিশ স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

এদিকে নির্বাচনী বিপর্যয়ের জেরে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বিরুদ্ধে চাপ আরও বেড়েছে। লেবারপন্থী ট্রান্সপোর্ট স্যালারিড স্টাফস অ্যাসোসিয়েশন (টিএসএসএ) ইউনিয়নের সাধারণ সম্পাদক মেরিয়াম এসলামদৌস্ত প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেন, “এই ভয়াবহ নির্বাচনী বিপরয়ের পর টিএসএসএর মতো ইউনিয়নগুলো চুপ করে বসে থাকবে না। কিয়ার স্টারমার যদি নেতৃত্বে থাকেন, তাহলে নাইজেল ফারাজের নেতৃত্বে কঠোর ডানপন্থী সরকারের পথ আরও সহজ হয়ে যাবে।”

মেরিয়াম আরও সতর্ক করে বলেন, লেবার পার্টিতে দ্রুত নেতৃত্ব পরিবর্তন না এলে দলটির ভবিষ্যৎ “বিপর্যয়ের দিকে” চলে যেতে পারে। স্থানীয় নির্বাচনের এই ফলাফল ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও