
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে দেওয়া ভুল হবে বলে মন্তব্য করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন। যদিও সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার বড় ধরনের ধাক্কা খেয়েছে এবং অনেক ভোটার নিজেদের “প্রতারিত” মনে করছেন বলেও তিনি স্বীকার করেন।
ফিলিপসন বলেন, দলটি সাম্প্রতিক সময়ে “অতিরিক্ত নেতিবাচক” বার্তা দিয়েছে এবং শীতকালীন জ্বালানি ভাতা কমানোর পরিকল্পনা ছিল একটি ভুল সিদ্ধান্ত। বৃহস্পতিবারের স্থানীয় নির্বাচনে লেবার প্রায় ৪০টি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১,৫০০ আসন খোয়ায়।
তবে তিনি স্পষ্ট করে বলেন, লেবার এমপি ক্যাথরিন ওয়েস্টের পক্ষ থেকে নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ “সম্পূর্ণ ভুল” হবে।
ওয়েস্ট ঘোষণা দিয়েছেন, তিনি সোমবার থেকেই নেতৃত্ব চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় ৮০ জন এমপির সমর্থন সংগ্রহ শুরু করবেন। যদিও তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে না, তবে তিনি প্রতিযোগিতা শুরু করতে পারলে সম্ভাব্য অন্য প্রার্থীরা—যেমন ওয়েস স্ট্রিটিং, অ্যাঞ্জেলা রেইনার অথবা এড মিলিব্যান্ড—মাঠে নামতে পারেন।
এদিকে অ্যান্ডি বার্নহ্যাম বর্তমানে সংসদ সদস্য না হওয়ায় তাৎক্ষণিক নেতৃত্ব প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। অন্যদিকে, লেবারের বামপন্থী অংশের কিছু এমপি এড মিলিব্যান্ডকে নেতৃত্বের জন্য বিবেচনা করার আহ্বান জানাতে পারেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ জন লেবার এমপি মনে করেন স্টারমারের পদত্যাগ করা উচিত অথবা নতুন নেতৃত্বের সময়সূচি ঘোষণা করা দরকার। সাবেক ক্যাবিনেট অফিস মন্ত্রী জশ সাইমনসও ক্যাথরিন ওয়েস্টের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, স্টারমার “দেশের আস্থা হারিয়েছেন” এবং বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা হারিয়েছেন।
চাপের মুখে স্টারমার এক সাক্ষাৎকারে জানান, তিনি ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান। তিনি নিজের সরকারকে নতুনভাবে সাজানোর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে অর্থনৈতিক উপদেষ্টা এবং হ্যারিয়েট হারম্যানকে নারী ও কিশোরী বিষয়ক উপদেষ্টা হিসেবে ফিরিয়ে এনেছেন।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিপসন বলেন, “শুক্রবার সকালে নির্বাচনের ফল দেখে আমি ভীষণ হতাশ হয়েছিলাম। ভোটাররা আমাদের কঠিন বার্তা দিয়েছেন। এটা অস্বীকার করার উপায় নেই।”
তিনি আরও বলেন, “মানুষ নেতৃত্ব পরিবর্তন চায় না। তারা চায় ২০২৪ সালে যে পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, সেটি বাস্তবে দেখতে।”
এদিকে, শক্তিশালী শ্রমিক সংগঠন ইউনাইট দ্য ইউনিয়নের প্রধান শ্যারন গ্রাহাম সতর্ক করে বলেছেন, শ্রমজীবী ভোটারদের জন্য কার্যকর নীতি না আনলে লেবার “অস্তিত্ব সংকটে” পড়তে পারে।