
যুক্তরাজ্যের এসেক্সে স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেছেন রিফর্ম ইউকের নবনির্বাচিত কাউন্সিলর স্টুয়ার্ট প্রায়র। একই সঙ্গে তার দলীয় সদস্যপদও বাতিল করেছে রিফর্ম ইউকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে স্টুয়ার্ট প্রায়র শ্বেতাঙ্গদের “মাস্টার রেস” উল্লেখ করে পোস্ট করেছিলেন। এছাড়া নারীদের ধর্ষণের ঘটনায় “ভালো হয়েছে” এবং “এটাই তাদের প্রাপ্য” ধরনের মন্তব্যও করেছিলেন বলে অভিযোগ ওঠে।
৫৪ বছর বয়সী এই সম্পত্তি ব্যবসায়ী নিজের বিরুদ্ধে ওঠা বর্ণবাদী অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিতর্কিত পোস্টগুলোর কথা তার মনে নেই। মিরর যখন তার পোস্টের বিষয়ে প্রশ্ন তোলে, তখন তিনি বলেন, “আমি এসব টুইটের কথা মনে করতে পারছি না।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর রিফর্ম ইউকে জানায়, তারা বিষয়টি তদন্ত করছে। পরে দলটির এক সূত্র নিশ্চিত করে যে, স্টুয়ার্ট প্রায়র কাউন্সিলরের পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে।
স্টুয়ার্ট প্রায়র রচফোর্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলের সোয়েইন পার্ক অ্যান্ড গ্রেঞ্জ ওয়ার্ডে ৪০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৯১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পান ৩৮৭ ভোট।
এছাড়া এসেক্স কাউন্টি কাউন্সিলের রেলি ওয়েস্ট ওয়ার্ডেও তিনি জয়ী হন। সেখানে তিনি পান ২ হাজার ৪০৪ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী পান ১ হাজার ৬০৮ ভোট।
স্টুয়ার্ট প্রায়রের পদত্যাগের ফলে দুটি এলাকাতেই নতুন করে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের আবারও ভোটকেন্দ্রে গিয়ে নতুন প্রতিনিধি নির্বাচন করতে হবে।
বর্তমানে এসেক্স কাউন্টি কাউন্সিলে ৫৩টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে রিফর্ম ইউকে। তবে রচফোর্ড কাউন্সিলে কোনো একক দলের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।