
যুক্তরাজ্যের কর বিভাগ HM Revenue and Customs (HMRC) নিশ্চিত করেছে যে নির্দিষ্ট আয়ের বেশি থাকা স্টেট পেনশনভোগীদের অতিরিক্ত কর কেটে নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, যেসব পেনশনভোগীর বার্ষিক আয় £৩৫,০০০-এর বেশি, তাদের কাছ থেকে উইন্টার ফুয়েল পেমেন্ট ফেরত নিতে মাসে প্রায় £১৭ করে অতিরিক্ত কর কাটা হবে।
সরকার জানিয়েছে, ২০২৫/২৬ অর্থবছরে দেওয়া Winter Fuel Payment পরে আয় যাচাইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে। সাধারণভাবে £২০০ সহায়তা পাওয়া পেনশনভোগীদের জন্য ২০২৬/২৭ কর বছরে এই অর্থ PAYE ট্যাক্স কোডের মাধ্যমে ধাপে ধাপে কেটে নেওয়া হবে।
HMRC-এর তথ্য অনুযায়ী, প্রায় ২০ লাখ পরিবার এই পরিবর্তনের আওতায় আসতে পারে। সংশ্লিষ্ট পেনশনভোগীদের নতুন ট্যাক্স কোড সম্পর্কে ইতোমধ্যে চিঠি পাঠানো শুরু হয়েছে।
তবে যেসব ব্যক্তি Pension Credit, Universal Credit বা কিছু নির্দিষ্ট সরকারি সহায়তা পান, তারা এই অতিরিক্ত চার্জের বাইরে থাকবেন। সরকার আরও জানিয়েছে, ভবিষ্যতে আয়সীমা ও কর নীতির বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।