
যুক্তরাজ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণ মে মাসের দিন রেকর্ড করা হয়েছে। সোমবার দুপুরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাপমাত্রা পৌঁছায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির মে মাসের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে হিথ্রোতে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তখনই ১৯৪৪ সাল থেকে টিকে থাকা মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়। পরে তাপমাত্রা আরও বেড়ে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর মেট অফিস জানিয়েছে, এর আগে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রথমবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯২২ সালের ২২ মে, ক্যামডেন স্কয়ারে। পরে ১৯৪৪ সালের ২৯ মে হরশাম, টানব্রিজ ওয়েলস ও রিজেন্টস পার্কেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়। দীর্ঘ ৮২ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল হিথ্রো।
এদিন শুধু মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডই নয়, যুক্তরাজ্যে সবচেয়ে উষ্ণ ব্যাংক হলিডে সোমবারের রেকর্ডও গড়ে উঠেছে। এর আগে ২০১৯ সালের আগস্ট ব্যাংক হলিডেতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
গত রাতেও দেশটিতে মে মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত রেকর্ড করা হয়েছে। ফলে একদিনেই তিনটি বড় আবহাওয়াগত রেকর্ডের সাক্ষী হলো যুক্তরাজ্য।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের বাকি সময়েও তাপমাত্রা আরও বাড়তে পারে। শুধু দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড নয়, দেশের বিভিন্ন এলাকাতেই তাপমাত্রা মাঝারি থেকে উচ্চ ২০ ডিগ্রির ঘরে অবস্থান করছে, যা জনজীবনে তীব্র গরমের অনুভূতি তৈরি করেছে।