যুক্তরাজ্য

২৮ মে ২০২৬, ১৫:০৫
আরও খবর

যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ে নতুন মাইলফলক, ইভি ব্যবহারে বাড়ছে আগ্রহ

15570_a-char-gy-lamppost-charger-in-barnet Medium.jpg

যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার বাড়াতে নতুন এক মাইলফলক অর্জিত হয়েছে। দেশজুড়ে হাজার হাজার কার্বসাইড চার্জার স্থাপনের পাশাপাশি আরও বহু চার্জার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ইভি ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের অন্যতম জনপ্রিয় চার্জপয়েন্ট অপারেটর char.gy সম্প্রতি তাদের ৫ হাজারতম বৈদ্যুতিক গাড়ির চার্জার স্থাপনের ঘোষণা দিয়েছে। নতুন এই চার্জারটি ব্রাইটন অ্যান্ড হোভ এলাকায় স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে আরও লাখো চালকের জন্য রাস্তার পাশে চার্জিং সুবিধা নিশ্চিত করতে তারা বৃহৎ পরিসরে কাজ চালিয়ে যাচ্ছে।

ব্রাইটন অ্যান্ড হোভ সিটি কাউন্সিল শহরজুড়ে মোট ৬ হাজার কার্বসাইড চার্জার স্থাপনের পরিকল্পনা নিয়েছে, যা লন্ডনের বাইরে সবচেয়ে বড় চার্জিং নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের প্রায় ৪০ শতাংশ বাড়িতে ব্যক্তিগত ড্রাইভওয়ে নেই। ফলে অনেকের জন্য বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সহজ চার্জিং সুবিধার অভাব। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে বা আশপাশে সুবিধাজনক চার্জার না থাকলে চালকদের ব্যয়বহুল আল্ট্রা-র‌্যাপিড পাবলিক চার্জারের ওপর নির্ভর করতে হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় অন-স্ট্রিট বা রাস্তার পাশের চার্জার স্থাপনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বড় শহরগুলোতে যারা শুধুমাত্র রাস্তার পাশে গাড়ি পার্ক করেন, তাদের জন্য এই উদ্যোগ বড় সুবিধা এনে দেবে।

char.gy–এর প্রধান নির্বাহী জন লুইস বলেন, অন-স্ট্রিট চার্জিং এখন আর সীমিত কোনো ধারণা নয়; এটি মূলধারার অংশ হয়ে উঠেছে এবং যুক্তরাজ্যের নেট জিরো লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মনে করেন, এই ধরনের চার্জিং অবকাঠামো আরও বিস্তৃত হলে লাখো মানুষ পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকবেন।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন স্থানীয় কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বারনেট এলাকায় মাত্র ছয় সপ্তাহে ৩০০ চার্জার চালু করা হয়েছে এবং সেখানে মোট ৫০০ চার্জার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রিডিং বরো কাউন্সিলের সঙ্গে ২ হাজার ৬০০ চার্জার এবং আইল অব ওয়াইটে ১ হাজার ৫০০ নতুন চার্জপয়েন্ট স্থাপনের কাজ চলছে।

রিডিং এলাকায় যেসব পরিবারের নিজস্ব পার্কিং সুবিধা নেই, তাদের অন্তত ৯০ শতাংশ যেন ১০০ মিটারের মধ্যে একটি পাবলিক চার্জার পায়, সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।

চার্জার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান ল্যাম্পপোস্টসহ বিভিন্ন রাস্তার অবকাঠামো ব্যবহার করছে char.gy, যাতে কম খরচে ও কম ভোগান্তিতে কাজ সম্পন্ন করা যায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পুরো চার্জিং নেটওয়ার্ক নবায়নযোগ্য জ্বালানিচালিত বিদ্যুৎ ব্যবহার করে পরিচালিত হচ্ছে। জ্বালানি প্রতিষ্ঠান EDF–এর সহযোগিতায় জাতীয় গ্রিডে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং তা REGO সার্টিফিকেট দ্বারা সমর্থিত।

EDF–এর বিজনেস সাপ্লাই ডিরেক্টর রাঘব সিং বলেন, যুক্তরাজ্যে অন-স্ট্রিট ইভি চার্জিং কত দ্রুত বিস্তৃত হচ্ছে, char.gy–এর ৫ হাজারতম চার্জপয়েন্ট তার বড় উদাহরণ। তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য ও সহজলভ্য চার্জিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষ করে যাদের নিজস্ব অফ-স্ট্রিট পার্কিং নেই।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও