যুক্তরাজ্য

Metro
১২ জুন ২০২৬, ১৩:০৬
আরও খবর

নাইজেরিয়ানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা কাউন্সিলরকে দলে ফিরিয়ে নিল রিফর্ম ইউকে

15757_SEI_296351196-90bd.jpg

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে বিতর্কিত মন্তব্যের কারণে তদন্তের মুখে পড়া এক কাউন্সিলরকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে।

সান্ডারল্যান্ডের হাইলটন ক্যাসেল ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর গ্লেন গিবিন্স সামাজিক যোগাযোগমাধ্যমে নাইজেরিয়ানদের নিয়ে বর্ণবাদী ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। পরে সেই পোস্টগুলো মুছে ফেলা হলেও সেগুলো প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০২৪ সালের মার্চ মাসে করা বলে ধারণা করা একটি পোস্টে গিবিন্স লিখেছিলেন, তিনি শহরে বিপুল সংখ্যক নাইজেরিয়ান দেখে বিস্মিত এবং “তাদের সবাইকে গলিয়ে রাস্তার গর্ত ভরাট করা উচিত।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রিফর্ম ইউকে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে।

তবে দলটি এখন জানিয়েছে, তদন্ত শেষে গিবিন্সকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে চূড়ান্ত লিখিত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দলের এক মুখপাত্র বলেন, “অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাউন্সিলর গিবিন্সকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে পোস্টটি অত্যন্ত রুচিহীন ছিল ও এতে তার বিচক্ষণতার অভাব প্রকাশ পেয়েছে।”

গিবিন্সের আরও কিছু পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও সমালোচনার মুখে পড়েছে। এক পোস্টে তিনি টেলিভিশনে নারীদের উপস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করেন এবং জনপ্রিয় উপস্থাপক জুটি মেল ও সু সম্পর্কে অবমাননাকর ভাষা ব্যবহার করেন।

এছাড়া ২০২১ সালে আয়ারল্যান্ড ও জাপানের মধ্যে একটি রাগবি ম্যাচ চলাকালে নারী ধারাভাষ্যকার নিয়েও তিনি নেতিবাচক মন্তব্য করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, নারী ধারাভাষ্যকারের পরিবর্তে আরও যোগ্য পুরুষ ধারাভাষ্যকার থাকা সত্ত্বেও নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নারীদের “রান্না, সেলাই ও গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ থাকা উচিত” বলে মন্তব্য করেন।

গিবিন্সের এসব পোস্ট সামনে আসার পর রিফর্ম ইউকের উপনেতা Richard Tice সরাসরি তার সমালোচনা না করে গণমাধ্যমের বিরুদ্ধে দলকে “হেয়প্রতিপন্ন করার চেষ্টা” করার অভিযোগ তোলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেকোনো রাজনৈতিক দলের মতো আমাদেরও নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়া রয়েছে, যেখানে কেউ ভুল বা অনুপযুক্ত কিছু বললে তা পর্যালোচনা করা হয়।”

তিনি আরও বলেন, “যা ভুল এবং অনুপযুক্ত, আমি তার নিন্দা জানাই। তবে ভোটাররা এসব সমালোচনা ও বিদ্রূপ শুনেছেন, তারপরও তারা আরও বেশি সংখ্যায় রিফর্মকে ভোট দিয়েছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রিফর্ম ইউকের আরও কয়েকজন কাউন্সিলর সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিতর্কিত মন্তব্যের কারণে জনসমালোচনার মুখে পড়েছেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও