যুক্তরাজ্য

Metro
২৬ জুন ২০২৬, ১৭:০৬
আরও খবর

পূর্ব লন্ডনের A13 সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই তরুণ নিহত

15878_SEI_302936269-be2a.jpg-2.jpeg

পূর্ব লন্ডনের এ১৩ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ ও ১৯ বছর বয়সী দুই তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি শক্তিশালী ভক্সওয়াগেন গলফ গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি পরিবারের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুনে জ্বলতে থাকা গাড়ি থেকে আহতদের বের করে আনার চেষ্টা করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ১৫ মিনিটের দিকে এ১৩ সড়কের পূর্বমুখী অংশে একাধিক গাড়ির সংঘর্ষের খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিকট শব্দে সংঘর্ষের আওয়াজ শোনা যায়, এরপর মুহূর্তেই গাড়িটি আগুনে পুড়ে যায়। আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত একটি পরিবার উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই জ্বলন্ত গাড়ির দিকে ছুটে গিয়ে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে। তবে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ১৮ ও ১৯ বছর বয়সী দুই তরুণকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

এ দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আরও দুইজন আহত ব্যক্তিকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনায় ১৮, ১৯ ও ২৩ বছর বয়সী তিনজনকে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনা ঘটানো এবং দুর্ঘটনার পর ঘটনাস্থল ত্যাগের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। মেট পুলিশের সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট ঘটনাটির তদন্ত করছে।

তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেমস বেক বলেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করছে। বিশেষ করে যাদের গাড়ির ড্যাশক্যামে দুর্ঘটনার ভিডিও ধারণ হয়েছে, তাদের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরের দৃশ্যের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও শেয়ার না করে মানুষের প্রতি সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে পুলিশ। কোনো তথ্য থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে সরাসরি পুলিশের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কটির একটি অংশ দীর্ঘ সময় বন্ধ রাখা হয়। পুরো রাতজুড়ে মেট পুলিশের সড়ক ও পরিবহন ইউনিট এবং বিশেষজ্ঞ দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করে ধ্বংসস্তূপ ও আশপাশের এলাকা থেকে আলামত সংগ্রহ করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় জড়িত ভক্সওয়াগেন গলফ গাড়িটি সংঘর্ষের আগে নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক বেশি গতিতে চলছিল। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, এত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও কেউ জীবিত উদ্ধার হতে পেরেছেন—এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়। ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও