
যুক্তরাজ্যের বার্মিংহামের অ্যালাম রক এলাকায় একটি মসজিদের বাইরে গুলিবিদ্ধ হয়ে ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পশ্চিম মিডল্যান্ডস পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার কিছু আগে বাউইয়ার রোডে, সেন্ট সেভিয়র্স রোডের কাছে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় কিশোরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর পুরো এলাকাজুড়ে ব্যাপক পুলিশ ও জরুরি সেবা সংস্থার উপস্থিতি দেখা যায়। বাউইয়ার রোড ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্ত কর্মকর্তারা।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি একটি মসজিদের কাছাকাছি ঘটলেও প্রাথমিক তদন্তে এর সঙ্গে ওই উপাসনালয়ের কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি। তাই এটিকে মসজিদকে লক্ষ্য করে সংঘটিত হামলা বলে মনে করা হচ্ছে না।
পুলিশের ভাষ্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাই স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের যেকোনো উদ্বেগের বিষয়ে কথা বলতে অতিরিক্ত পুলিশ সদস্য এলাকায় অবস্থান করবেন।
এদিকে স্থানীয় কাউন্সিলর নোশিন খালিদ ও শওকত মাহমুদ এক যৌথ বিবৃতিতে ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা আহত কিশোর, তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং সবার কাছে তাদের জন্য প্রার্থনার আহ্বান জানান।
তারা জানান, চলমান পুলিশি তদন্তের কারণে বাউইয়ার রোডের উপরের অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের বাউইয়ার রোড হয়ে সেন্ট সেভিয়র্স রোড বা আর্ডেন রোডে যাতায়াত না করার এবং বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
কাউন্সিলররা আরও বলেন, এমন সংকটপূর্ণ সময়ে গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশ থেকে বিরত থাকা উচিত। এতে ক্ষতিগ্রস্ত পরিবার আরও মানসিক কষ্টে পড়তে পারে এবং পুলিশের তদন্তও ব্যাহত হতে পারে। তারা জরুরি সেবা সংস্থাগুলোকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি সবাইকে সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।