সংস্কৃতি ও বিনোদন

মার্কিন তারকা টেইলর সুইফট ও ট্রেভিস কেলসির রুপকথার বিয়ে

15941_IMG_7073.jpeg

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএলের (ন্যাশনাল ফুটবল লিগ) তারকা ট্রেভিস কেলসির বহুল আলোচিত বিয়ের আনুষ্ঠানিক উদযাপন ঘিরে নিউইয়র্কে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনকে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ‘আমেরিকার রাজকীয় বিয়ে’ হিসেবে আখ্যা দিয়েছে।

২০২৩ সালে সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই সুইফট ও কেলসিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ২০২৫ সালে তাদের বাগদানের ঘোষণার পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। এবার প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ অতিথির উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া এই অনুষ্ঠানকে বছরের অন্যতম আলোচিত তারকাবহুল আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা

বিয়ের অনুষ্ঠান ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানস্থলের ভেতরে দুর্গ-অনুপ্রাণিত বিশেষ মঞ্চ নির্মাণের খবরও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। প্রিয় তারকাদের এক ঝলক দেখার আশায় ভেন্যুর বাইরে জড়ো হয়েছেন অসংখ্য ভক্ত ও সংবাদকর্মী।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অতিথি, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নিরাপত্তাকর্মী সবার জন্যই থাকবে কঠোর 'নো-ফোন' নীতি। এছাড়া অতিথিদের গোপনীয়তা রক্ষার চুক্তিতে (এনডিএ) স্বাক্ষর করতে হয়েছে। আমন্ত্রণপত্রও ছিল বিশেষ কোড বা ওয়াটারমার্কযুক্ত, যাতে কোনো তথ্য ফাঁস না হয়। এমনকি অনেক অতিথিকেও অনুষ্ঠানস্থলের সুনির্দিষ্ট অবস্থান শেষ মুহূর্ত পর্যন্ত জানানো হয়নি। অতিথিদের উপহার না আনতেও অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

 

ব্যক্তিগতভাবে বিয়ে সম্পন্নের গুঞ্জন

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বড় আয়োজনের আগেই বৃহস্পতিবার একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন টেইলর সুইফট ও ট্রেভিস কেলসি। তবে এ বিষয়ে এখনো দম্পতি বা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

 

তারকাখচিত অতিথি তালিকা

অনুষ্ঠানটি শুরু হবে ককটেল পর্ব (অনানুষ্ঠানিক আপ্যায়ন) দিয়ে, এরপর হবে মূল বিয়ের উদযাপন এবং সন্ধ্যায় সংবর্ধনা। সংবর্ধনায় স্টিভি নিকস ও টিম ম্যাকগ্রোর পরিবেশনার খবর প্রকাশ হয়েছে। এছাড়া এড শিরানও পারফর্ম করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।

অনুষ্ঠানে সেলেনা গোমেজ, সাবরিনা কার্পেন্টার, গিগি হাদিদ, হাইম ব্যান্ডের এস্টে, ড্যানিয়েল ও আলানা হাইম, জ্যাক অ্যান্টোনফ এবং সুকি ওয়াটারহাউসসহ বিনোদন ও ক্রীড়াজগতের অনেক পরিচিত মুখ অতিথি তালিকায় থাকছেন বলে জানা গেছে । এছাড়া ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) বহু তারকার উপস্থিতিও প্রত্যাশিত।

 

ব্যয় হতে পারে ২ কোটি ডলারের বেশি

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো আয়োজনের ব্যয় অন্তত ২ কোটি মার্কিন ডলার হতে পারে। এদিকে নিউইয়র্কের ব্যস্ততম সময়ে এই আয়োজনের কারণে ম্যাডিসন স্কয়ার গার্ডেন সংলগ্ন এলাকায় যান চলাচলেও প্রভাব পড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে শহরে বিপুল মানুষের সমাগম রয়েছে। পাশাপাশি ফিফা বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপলক্ষেও নিউইয়র্কে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

 



 

সর্বাধিক পঠিত


ভিডিও