যুক্তরাজ্য

BBC
৩ জুলাই ২০২৬, ১৭:০৭
আরও খবর

যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলে পুরস্কৃত করবে এনএইচএস

15943_123.jpg

স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করতে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস)। আগামী বছরের শুরুতে এনএইচএস ইংল্যান্ড ‘ম্যারাথন আ মান্থ’ নামে একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে, যেখানে অংশগ্রহণকারীদের প্রতিদিন প্রায় ৩০ মিনিট হাঁটার আহ্বান জানানো হবে। যারা টানা এক মাস এই লক্ষ্য পূরণ করবেন, তারা বিভিন্ন ধরনের পুরস্কার, ছাড় বা বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দৈনিক হাঁটার তথ্য অনলাইনে অথবা মোবাইল ফোন ও স্মার্টওয়াচের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন আধা ঘণ্টা করে হাঁটলে এক মাসে প্রায় ২৬ মাইল পথ অতিক্রম করা সম্ভব, যা একটি পূর্ণ ম্যারাথনের সমান দূরত্ব।

এনএইচএসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষকে নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। তবে পুরস্কারের খরচ এনএইচএস বহন করবে না। সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান এবং করপোরেট সংস্থার সহযোগিতায় এই পুরস্কার ও প্রণোদনার ব্যবস্থা করা হবে।

প্রাথমিক পর্যায়ে প্রকল্পটির জন্য অর্থায়ন করবে এনএইচএস। পরবর্তীতে বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থার সহায়তায় কর্মসূচিটি আরও বিস্তৃত করা হবে। আয়োজকদের আশা, অন্তত এক লাখ মানুষ এই চ্যালেঞ্জে অংশ নেবেন। সেই লক্ষ্য পূরণ হলে এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ‘ম্যারাথন’ কর্মসূচি হিসেবে বিবেচিত হতে পারে।

এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ও অলিম্পিক পদকজয়ী ব্রেন্ডন ফস্টার, যিনি ‘গ্রেট নর্থ রান’-এর প্রতিষ্ঠাতাও। তিনি বলেন, মানুষ তাকে দৌড়ের সঙ্গে বেশি চিনলেও এবার তার লক্ষ্য খুবই সহজ—মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করা। তার মতে, নিয়মিত হাঁটার অভ্যাস মানুষের স্বাস্থ্য উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার ওপর চাপও কমাবে।

এনএইচএসের তথ্য অনুযায়ী, শারীরিক নিষ্ক্রিয়তা প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। যারা সপ্তাহে ৩০ মিনিটেরও কম মাঝারি মাত্রার শারীরিক ব্যায়াম করেন, তাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় হিসেবে ধরা হয়। স্পোর্ট ইংল্যান্ডের এক জরিপে দেখা গেছে, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে ইংল্যান্ডে প্রায় ১ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশ মানুষ এই শ্রেণিতে পড়েন।

ব্রেন্ডন ফস্টারের দাবি, কেউ যদি সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটেন, তাহলে তিনি গড়ে চার বছর পর্যন্ত অতিরিক্ত সুস্থ জীবন লাভ করতে পারেন। তিনি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপে জনপ্রিয় ‘স্ট্রিক’ বা ধারাবাহিকতা বজায় রাখার সংস্কৃতি এই কর্মসূচিকে সফল করতে সহায়ক হবে এবং মানুষকে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করবে।

এনএইচএস জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত, নিবন্ধনের নিয়ম এবং কী ধরনের পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে সম্ভাব্য পুরস্কারের মধ্যে বিভিন্ন ধরনের ভাউচার ও বিশেষ ছাড়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ উদ্যোগের সঙ্গে রয়েছেন এয়ার মাইলস ও নেকটার লয়্যালটি স্কিমের প্রতিষ্ঠাতা স্যার কিথ মিলসও, যিনি পুরস্কারভিত্তিক প্রণোদনা ব্যবস্থার পরিকল্পনায় ভূমিকা রাখছেন।

এদিকে, স্বাস্থ্যবিষয়ক সংস্থা অ্যাকশন অন সল্ট অ্যান্ড সুগারের গবেষণা ও প্রভাব বিভাগের প্রধান সোনিয়া পোম্বো বলেন, নিয়মিত হাঁটার মতো সহজ ও অর্জনযোগ্য অভ্যাস মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু ব্যক্তিগত আচরণের পরিবর্তনের ওপর নির্ভর করলে চলবে না। জাতীয় স্বাস্থ্য উন্নয়নে সরকারকে শিশু ও সাধারণ মানুষের জন্য আরও শক্তিশালী প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতি গ্রহণ করতে হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও