রাজনীতি

যুক্তরাজ্যে সরকারি অনুদানে বিনামূল্যে ঘরে এসি বসানোর সুযোগ পাচ্ছেন লাখো পরিবার!

16016_IMG_6960.jpeg

 যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে শত শত হাজার পরিবার বিনামূল্যে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছে। সরকারের স্বল্প পরিচিত ‘বয়লার আপগ্রেড স্কিম’ (Boiler Upgrade Scheme, BUS) এর আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড অনুদান নিয়ে এয়ার টু এয়ার হিট পাম্প স্থাপন করতে পারবেন, যা গ্রীষ্মে শীতাতপ নিয়ন্ত্রণ এবং শীতে ঘর গরম, উভয় কাজেই ব্যবহার করা যায়।

দেশজুড়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাসের মধ্যে অনেক পরিবার নতুন এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবছে। তবে সরকারি এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলো বিনামূল্যে বা খুব কম খরচে আধুনিক কুলিং ও হিটিং ব্যবস্থা স্থাপনের সুযোগ পাচ্ছে।

লেবার সরকারের ‘ওয়ার্ম হোমস স্কিম’ এর অংশ হিসেবে পরিচালিত বয়লার আপগ্রেড স্কিম মূলত হিট পাম্প স্থাপনে সহায়তা দিতে চালু হয়। গত বছর এ কর্মসূচিতে এয়ার টু এয়ার হিট পাম্প যুক্ত করা হয়। এই প্রযুক্তি গ্রীষ্মে ঘরের গরম বাতাস বাইরে বের করে দিয়ে শীতল পরিবেশ তৈরি করে এবং শীতে বাইরের বাতাস থেকে তাপ সংগ্রহ করে ঘরের ভেতর উষ্ণতা সরবরাহ করে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি এখনো প্রত্যাশিত মাত্রায় জনপ্রিয় হয়ে ওঠেনি। এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের (ECIU) তথ্য অনুযায়ী, মে মাসে এই সুবিধা চালু হওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৪৫টি পরিবার এ অনুদান গ্রহণ করেছে। অথচ সরকারের বরাদ্দ অনুযায়ী প্রায় ৯ লাখ ৫০ হাজার পরিবার এই সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

একটি কক্ষের জন্য এয়ার টু এয়ার হিট পাম্প স্থাপনে সাধারণত প্রায় ১ হাজার ৯০০ পাউন্ড এবং তিন শয়নকক্ষের একটি বাড়িতে প্রায় ৩ হাজার ৭০০ পাউন্ড পর্যন্ত ব্যয় হতে পারে। সরকারি অনুদান হিসেবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

এই স্কিমে যুক্তরাজ্যের বাড়ির মালিকরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে বিদ্যমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক বা সাধারণ বৈদ্যুতিক হিটিং ব্যবস্থা পরিবর্তন করে অনুমোদিত হিট পাম্প স্থাপন করতে হবে।

আয়ের ভিত্তিতে কোনো সীমাবদ্ধতা না থাকলেও সব ধরনের সম্পত্তি এ সুবিধার আওতায় পড়ে না। অধিকাংশ নতুন নির্মিত বাড়ি, সামাজিক আবাসন এবং আগে সরকারি অর্থায়নে হিট পাম্প বা বায়োমাস বয়লার স্থাপনের সুবিধা নেওয়া ব্যক্তিরা এ অনুদানের জন্য যোগ্য হবেন না।

আবেদনের নিয়ম

আবেদন করতে হলে প্রথমে এমসিএস (MCS) স্বীকৃত একজন ইনস্টলার বা স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কোটেশন নিতে হবে। ইনস্টলার আবেদনকারীর যোগ্যতা যাচাই করবেন এবং তার পক্ষ থেকেই অফজেমের মাধ্যমে অনুদানের আবেদন জমা দেবেন। অনুমোদন মিললে অনুদানের অর্থ সরাসরি স্থাপনের মোট খরচ থেকে সমন্বয় করা হবে। ফলে আবেদনকারীকে কম অর্থ পরিশোধ করতে হবে।

যোগ্যতার বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট gov.uk তে পাওয়া যাবে।


 

সর্বাধিক পঠিত


ভিডিও