
যুক্তরাজ্যে পণ্যের গায়ে ইঁদুরের কামড়ের দাগ, শিশুদের খেলনার কাছে বিষ্ঠা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জনপ্রিয় রিটেইল চেইন ‘বিএম রিটেইল লিমিটেড’ (B&M)-কে ২ মিলিয়ন বা ২০ লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির একটি আদালত। বার্মিংহামের তিনটি ভিন্ন স্টোরে মারাত্মক ইঁদুরের উপদ্রব এবং খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অপরাধে এ কঠোর শাস্তি দেওয়া হয়।
গ্রাহকদের কাছ থেকে একের পর এক অভিযোগ পাওয়ার পর ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে বার্মিংহাম সিটি কাউন্সিল এসব স্টোরে দফায় দফায় অভিযান পরিচালনা করে। সেন্ট অ্যান্ড্রিউজ রিটেইল পার্কে পরিচালিত প্রথম অভিযানেই বিক্রি করা খাবারের প্যাকেটে ইঁদুরের কামড়ের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে প্রাইয়োরি স্কয়ার শপিং সেন্টারে গ্রাহকের সরাসরি অভিযোগের পর অভিযান চালিয়ে খাবারের প্যাকেটে ইঁদুরের প্রস্রাব এবং অপরিস্কার পরিবেশ দেখতে পান পরিদর্শকরা, যা দেখে স্টোরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। সবশেষে আর্ডিংটনের দ্য ফোর্ট শপিং পার্কের স্টোরে শিশুদের খেলার সামগ্রীর ঠিক পাশেই ইঁদুরের বিষ্ঠা ছড়ানো ছিটিয়ে থাকতে দেখা গেলে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে সেটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বার্মিংহাম ম্যাজিস্ট্রেট আদালতে বিএম তাদের অপরাধ স্বীকার করে নেওয়ার পর গত ১৩ জুলাই আদালত ২ মিলিয়ন পাউন্ড জরিমানার পাশাপাশি ১৮,১০৪ পাউন্ড প্রসিকিউশন খরচ এবং ২,০০০ পাউন্ড ভিকটিম সারচার্জ প্রদানের নির্দেশ দেন। আগামী ২৮ দিনের মধ্যে সব অর্থ পরিশোধ করার জন্য প্রতিষ্ঠানটিকে সময় বেঁধে দেওয়া হয়েছে।
লাইসেন্সিং অ্যান্ড পাবলিক প্রোটেকশন কমিটির চেয়ারম্যান কাউন্সিলর স্যাম ফোরসিথ জানান যে বাসিন্দারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নিরাপদ পরিবেশ আশা করেন, কিন্তু তিনটি স্টোরে পাওয়া পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আদালতের এই বিশাল জরিমানা বার্তা দেয় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব গুরুত্বের সাথে নিতে হবে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ব্যর্থতার পুরো দায় নিচ্ছে এবং গভীরভাবে ক্ষমাপ্রার্থী। ফুড সেফটি ও পেস্ট-কন্ট্রোল নিয়ম থাকা সত্ত্বেও কর্মীরা তা মেনে চলেনি বলে তারা স্বীকার করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রতিষ্ঠানটি তাদের সার্বিক পেস্ট-কন্ট্রোল ব্যবস্থা জোরদার করা সহ নতুন ডিজিটাল মনিটরিং ও কঠোর পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।