যুক্তরাজ্য

Mirror
২২ জুলাই ২০২৬, ১৪:০৭
আরও খবর

বাস ভাড়া ফের ২ পাউন্ড: প্রধানমন্ত্রী বার্নহামের বড় ঘোষণা

16123_download.jpeg

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চরম ব্যয়ের চাপে পিষ্ট হওয়া ব্রিটিশ নাগরিকদের স্বস্তি দিতে একগুচ্ছ বড় পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্যের নতুন সরকার। দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আগামী বছর থেকে ইংল্যান্ডজুড়ে বাস ভাড়া কমিয়ে সর্বোচ্চ ২ পাউন্ড নির্ধারণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটির লাখ লাখ সাধারণ যাত্রীর দৈনন্দিন যাতায়াত খরচ এক-তৃতীয়াংশেরও বেশি কমে যাবে।

আগামী জানুয়ারি মাস থেকে লন্ডনের বাইরে পুরো ইংল্যান্ডজুড়ে প্রায় ৫ হাজার বাস রুটে এই নতুন ভাড়া কার্যকর হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, এই পদক্ষেপ না নিলে অনেক রুটে একমুখী বাস ভাড়া ১০ পাউন্ড ছাড়িয়ে যেতে পারত। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এক বক্তব্যে বলেন, ভালো ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা সাধারণ মানুষের মৌলিক অধিকার। তিনি আরও স্পষ্ট করেন যে, জীবনযাত্রার ব্যয় কমাতে এই সিদ্ধান্ত অপরিহার্য ছিল এবং দেশের প্রতিটি মানুষের জীবনের চাপ কমাতেই তাঁর সরকার কাজ করে যাচ্ছে। এই নীতি বাস্তবায়নে প্রায় ৪০ কোটি পাউন্ডের অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হয়েছে, যা আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন প্রকল্পের ফান্ড পুনর্বিন্যাস করে সংস্থান করা হবে।

দায়িত্ব গ্রহণের পরপরই অ্যান্ডি বার্নহাম একটি "জীবনযাত্রার ব্যয় কমানোর সরকার" গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বাস ভাড়া কমানোর পাশাপাশি তিনি আগামী অক্টোবর থেকে বিদ্যুতের বিলের ওপর থেকে শতভাগ মূসক (ভ্যাট) প্রত্যাহারেরও বড় ঘোষণা দিয়েছেন। এতে প্রতিটি পরিবারের বছরে গড়ে ৪৫ পাউন্ডের মতো সাশ্রয় হবে। এই বিদ্যুৎ সুবিধার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হচ্ছে সাবেক সরকারের সময়ে নেওয়া বিতর্কিত ও ব্যয়বহুল ডিজিটাল আইডি প্রকল্প বাতিল করার মাধ্যমে।

সম্প্রতি জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) এক গবেষণায় উঠে এসেছে যে, যুক্তরাজ্যের অন্তত ৭৪ লাখ নিম্নআয়ের পরিবার প্রয়োজনীয় খাদ্য ও হিটিংয়ের মতো মৌলিক চাহিদা মেটাতে চরম হিমশিম খাচ্ছে। এই পটভূমিতে নতুন চ্যান্সেলর জন হিলি এবং পরিবহন মন্ত্রী হাইডি আলেকজান্ডার জোর দিয়ে বলেছেন, সরকার করদাতাদের ওপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় ছেঁটে ফেলছে, যাতে সরাসরি সাধারণ মানুষের পকেটে অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। উপকূলীয় ও গ্রামীণ এলাকার মানুষ, যারা অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার কারণে এতদিন ধরে উচ্চ বাস ভাড়ার শিকার হচ্ছিলেন, বার্নহাম সরকারের এই পদক্ষেপে তাঁরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও