যুক্তরাজ্য

BBC
২৩ জুলাই ২০২৬, ১৬:০৭
আরও খবর

যুক্তরাজ্যে সমুদ্রে মর্মান্তিক ট্র্যাজেডি: বাংলাদেশি বংশোদ্ভূত মা ও মেয়ের মৃত্যু!

16133_231.jpg

যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রে গোসল করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মা ও তাঁর কিশোরী মেয়ে। নিহতরা হলেন শ্যালি রহমান (৪২) এবং তাঁর ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান। এ ঘটনায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুর অবস্থা এখনও আশঙ্কাজনক।

নিহত শ্যালি রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবের কন্যা। সামিহা রহমান তাঁর নাতনি। পরিবারের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে এসেক্সের কোলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকার সিভিউ অ্যাভিনিউ সংলগ্ন সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এসেক্স পুলিশ, এইচএম কোস্টগার্ড, রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই), অ্যাম্বুলেন্স সার্ভিস এবং এয়ার অ্যাম্বুলেন্সের সদস্যরা।

উদ্ধারকারীরা জানিয়েছেন, শ্যালি রহমান ও সামিহাকে উদ্ধারের পর দীর্ঘ সময় ধরে তাদের জীবন ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত আরও চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুর অবস্থা এখনও সংকটাপন্ন।

এসেক্স পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত সবাই পরস্পরের পরিচিত ছিলেন। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আল পিচার প্রত্যক্ষদর্শী বা ঘটনার বিষয়ে তথ্য জানা ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় আশপাশের মানুষ প্রাণপণ চেষ্টা করে পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে অংশ নেন। কাছের একটি সমুদ্রতীরবর্তী রেস্তোরাঁয় কর্মরত কয়েকজন তরুণ-তরুণী, একজন ছুটিতে থাকা প্যারামেডিক এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে সহায়তা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, ঘটনাটি ছিল "হৃদয়বিদারক" এবং "অত্যন্ত মর্মান্তিক"।

ওয়েস্ট মার্সি এলাকার স্থানীয় কাউন্সিলর কার্ল পাওলিং বলেন, ওই এলাকায় জোয়ারের সময় পানির স্রোত অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে মানুষকে গভীর সমুদ্রে টেনে নিতে পারে। এলাকাটি সম্পর্কে ধারণা না থাকলে সেখানে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঘটনার পর স্থানীয় সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পলস চার্চ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে শোকাহত পরিবার ও এলাকাবাসী প্রার্থনা ও মানসিক সহায়তা নিতে পারেন। সমুদ্রতীরে ফুল রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এসেক্স সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

এই হৃদয়বিদারক ঘটনায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন এবং কমিউনিটির সদস্যরা শ্যালি রহমান ও সামিহা রহমানের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও