
ইংল্যান্ডের এসেক্সের ওয়েস্ট মার্সি (West Mersea) সমুদ্রসৈকতে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো মা ও কিশোরী মেয়ের জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
নিহত শ্যালি রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবের কন্যা এবং সামিহা রহমান তাঁর নাতনি। তিনি সবার কাছে তাঁর আদরের মেয়ে ও নাতনির জন্য দোয়া কামনা করেছেন। তিনি বলেন, পুরো পরিবার এখনো গভীর শোকাহত এবং এই মর্মান্তিক ক্ষতি মেনে নিতে পারছে না। দুর্ঘটনার সময় তাঁর স্ত্রীও সমুদ্রসৈকতে উপস্থিত ছিলেন। পরিবারটি প্রায়ই অবকাশ যাপনের জন্য ওই সৈকতে যেত।
গত বুধবার এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পরিবারের কয়েকজন সদস্য পানিতে বিপদে পড়লে তাদের উদ্ধার করতে এগিয়ে যায় ১৫ বছর বয়সী সামিহা রহমান। পরিবারের ভাষ্য অনুযায়ী, নিজের সাত বছর বয়সী খালাতো ভাইকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সে নিজেই প্রবল স্রোতে আটকা পড়ে। মেয়েকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তাঁর মা, ৪২ বছর বয়সী শ্যালি রহমান। শেষ পর্যন্ত মা ও মেয়ে, দুজনেই প্রাণ হারান।
ওই ঘটনায় আরও চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাত বছর বয়সী শিশুটি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শ্যালি রহমান ও সামিহা রহমানের রূহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
মরহুমাদের জন্য দোয়া করে সবাই বলেছেন, আল্লাহ তাআলা শ্যালি রহমান ও সামিহা রহমানকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমীন।