যুক্তরাজ্য

৩১ জুলাই ২০২৬, ১২:০৭
আরও খবর

১২০ মিলিয়ন পাউন্ডে Argos বিক্রি করছে Sainsbury's

16226_12ws.jpeg

ব্রিটেনের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন Sainsbury's তাদের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান Argos ১২০ মিলিয়ন পাউন্ডে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নতুন ক্রেতা হিসেবে দায়িত্ব নিচ্ছে খুচরা খাতের অভিজ্ঞ তিন নির্বাহী; রিচার্ড পেনিকুক, ট্রেভর স্ট্রেইন এবং ম্যাট ট্রুম্যানের প্রতিষ্ঠিত নতুন কোম্পানি সুইফট পার্টনার্স। এই চুক্তির মাধ্যমে সেইন্সবেরিজ তাদের মূল খাদ্য ব্যবসায় আরও বেশি বিনিয়োগ ও মনোযোগ দেওয়ার কৌশল বাস্তবায়ন করতে চায়।

শুক্রবার ঘোষিত এই চুক্তির মাধ্যমে প্রায় এক দশক আগে ১.৩ বিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করা আর্গোসের মালিকানা ছাড়ছে সেইন্সবেরিজ। ২০১৬ সালে হোম রিটেইল গ্রুপ অধিগ্রহণের অংশ হিসেবে আর্গোস এবং হ্যাবিট্যাটসহ কয়েকটি ব্র্যান্ড কিনেছিল প্রতিষ্ঠানটি। সে সময় অ্যামাজন ও জন লুইসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় খাদ্য ও নন-ফুড পণ্যের সমন্বিত খুচরা ব্যবসা গড়ে তোলাই ছিল তাদের লক্ষ্য।

সেইন্সবেরিজের প্রধান নির্বাহী সাইমন রবার্টস বলেন, কর্মী, গ্রাহক ও সরবরাহকারীদের জন্য আপাতত “স্বাভাবিকভাবেই ব্যবসা চলবে”। তিনি জানান, খাদ্য ব্যবসার ভিত্তি শক্তিশালী করার পর এখন প্রতিষ্ঠানটি ভবিষ্যতের প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সম্পূর্ণভাবে মূল ব্যবসায় মনোযোগ দিতে চায়।

অন্যদিকে সুইফট পার্টনার্সের পক্ষ থেকে রিচার্ড পেনিকুক বলেন, আর্গোসের ভবিষ্যৎ নিয়ে তারা অত্যন্ত আশাবাদী। শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম, স্বতন্ত্র স্টোর, সেইন্সবেরিজের ভেতরের আউটলেট এবং স্থানীয় ফুলফিলমেন্ট সেন্টারের সমন্বয় আর্গোসকে বাজারে একটি স্বতন্ত্র অবস্থান দিয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।

বর্তমানে যুক্তরাজজুড়ে আর্গোসের ৬৬০টিরও বেশি স্টোর রয়েছে, যার প্রায় দুই-তৃতীয়াংশ সেইন্সবেরিজের শাখার ভেতরে পরিচালিত হয়। এছাড়া রয়েছে ১,১০০-এর বেশি সংগ্রহ কেন্দ্র। বিক্রির পরও আর্গোসের ইন-স্টোর কার্যক্রম, নেকটার লয়্যালটি প্রোগ্রাম এবং হ্যাবিট্যাটব্র্যান্ডের পণ্য বিক্রির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি বহাল থাকবে।

চুক্তিটি ২০২৭ সালের শুরুর দিকে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং ২০২৯ সালের শুরুর দিকে দুই প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরি আলাদা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ঘোষণার পর শেয়ারবাজারে সেইন্সবেরিজের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

খুচরা বাজার বিশ্লেষকদের মতে, আর্গোস দীর্ঘদিন ধরে সেইন্সবেরিজের আর্থিক প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বিক্রির প্রক্রিয়াটি ছিল দীর্ঘ ও জটিল। তবে শ্রমিক ইউনিয়ন ইউএসডডব্লিউ (Usdaw) জানিয়েছে, স্টোর-ইন-স্টোর মডেল, স্বতন্ত্র শাখা এবং স্থানীয় ফুলফিলমেন্ট সেন্টার বজায় রাখার প্রতিশ্রুতিকে তারা স্বাগত জানায়। একই সঙ্গে কর্মীদের স্বার্থ রক্ষায় যেকোনো পরিবর্তন স্বচ্ছতা ও পরামর্শের ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও