যুক্তরাজ্য

Mirror
৩১ জুলাই ২০২৬, ১৩:০৭
আরও খবর

২০০২-২০১১ সালে সন্তান জন্ম দেওয়া অভিভাবকদের জন্য £২,২১২ পাওয়ার সুযোগ

16227_321.jpg

যুক্তরাজ্যে ২০০২ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ২ জানুয়ারির মধ্যে জন্ম নেওয়া লাখো তরুণ-তরুণীর নামে থাকা চাইল্ড ট্রাস্ট ফান্ড (Child Trust Fund)-এর অর্থ এখনো দাবি করা হয়নি। এ কারণে যুক্তরাজ্যের কর বিভাগ HM Revenue & Customs (HMRC) পরিবারগুলোর প্রতি দ্রুত অ্যাকাউন্টটি খুঁজে দেখার আহ্বান জানিয়েছে।

HMRC জানিয়েছে, বর্তমানে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি তরুণ-তরুণীর চাইল্ড ট্রাস্ট ফান্ড অদাবিকৃত অবস্থায় রয়েছে। প্রতিটি অ্যাকাউন্টে গড়ে প্রায় £২,২১২ জমা রয়েছে, যা সংশ্লিষ্ট ব্যক্তি ১৮ বছর পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারেন।

চাইল্ড ট্রাস্ট ফান্ড হলো সরকারের চালু করা একটি দীর্ঘমেয়াদি, করমুক্ত সঞ্চয় প্রকল্প। ২০০২ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ২ জানুয়ারির মধ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য সরকার শুরুতে £২৫০ জমা করেছিল। পরবর্তীতে বিনিয়োগের মাধ্যমে সেই অর্থ অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

১৬ বছর বয়সে সংশ্লিষ্ট তরুণ-তরুণীরা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং ১৮ বছর পূর্ণ হলে পুরো অর্থ উত্তোলন বা পুনরায় বিনিয়োগ করার সুযোগ পান। এই অর্থ সরকারের কাছে নয়; বিভিন্ন ব্যাংক, বিল্ডিং সোসাইটি বা সঞ্চয় প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে।

যারা জানেন না তাদের চাইল্ড ট্রাস্ট ফান্ড কোন প্রতিষ্ঠানে রয়েছে, তারা GOV.UK-এর বিনামূল্যের অনলাইন সেবার মাধ্যমে সহজেই তা খুঁজে বের করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স (National Insurance) নম্বর এবং জন্মতারিখ। HMRC অ্যাপ থেকেও ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর জানা যায়।

HMRC-এর একজন মুখপাত্র বলেন, হাজার হাজার চাইল্ড ট্রাস্ট ফান্ড এখনো অদাবিকৃত অবস্থায় রয়েছে। তাই তরুণদের তাদের প্রাপ্য অর্থের সঙ্গে পুনরায় যুক্ত করতে সরকার প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ করেছে। তিনি সতর্ক করে বলেন, এই অর্থ খুঁজে বের করার জন্য কোনো তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই, কারণ GOV.UK-এর সেবা সম্পূর্ণ বিনামূল্যে।

এদিকে HMRC সতর্ক করেছে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড ট্রাস্ট ফান্ড খুঁজে দেওয়ার নামে £৩৫০ পর্যন্ত অথবা সঞ্চয়ের ২৫ শতাংশ পর্যন্ত ফি দাবি করছে। এতে গ্রাহকদের প্রাপ্য অর্থ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং প্রক্রিয়াও দীর্ঘ হতে পারে।

দাতব্য সংস্থা The Share Foundation জানিয়েছে, তারা ইতোমধ্যে ৬৫ হাজারের বেশি তরুণকে তাদের চাইল্ড ট্রাস্ট ফান্ডের সঙ্গে যুক্ত হতে সহায়তা করেছে। সংস্থাটি বলছে, ১৮ থেকে ২১ বছর বয়সীদের অনেকেই জানেন না যে তাদের নামে সরকারের দেওয়া এই সঞ্চয় রয়েছে।

কর বিশেষজ্ঞ Andy Wood বলেন, অনেক চাইল্ড ট্রাস্ট ফান্ড স্বয়ংক্রিয়ভাবে খোলা হয়েছিল। ফলে অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পরও জানেন না যে তাদের নামে এমন একটি সঞ্চয় রয়েছে। তার মতে, অনেকের জন্য এটি জীবনের সবচেয়ে বড় অঙ্কের অর্থ হতে পারে, তাই বিষয়টি অবশ্যই যাচাই করা উচিত।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও