যুক্তরাজ্য

BBC
৩১ জুলাই ২০২৬, ১৫:০৭
আরও খবর

যুক্তরাজ্যে ধূমপান ছাড়ায় প্রাণ গেল যুবকের; সতর্কবার্তা চিকিৎসকদের!

16231_quit_smoking.jpeg

ধূমপান ছেড়ে দেওয়ার পর শরীরে ওষুধের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বেড়ে গিয়ে মৃত্যু হয়েছে যুক্তরাজ্যের এক ২৯ বছর বয়সী যুবকের। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিক রোগের জন্য যে ওষুধ গ্রহণ করছিলেন, ধূমপান বন্ধ করার কারণে সেই ওষুধের কার্যকারিতা ও রক্তে উপস্থিত মাত্রা বেড়ে যায়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।

ওরচেস্টারের বাসিন্দা জ্যাক বার্টন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়ার চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্লোজাপিন (Clozapine)নামের অ্যান্টি-সাইকোটিক ওষুধ গ্রহণ করতেন। তিনি প্রতিদিন রাতে ৫২৫ মিলিগ্রাম ডোজ নিতেন, যা তার নিয়মিত ধূমপানের অভ্যাসের কথা বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছিল।

মৃত্যু তদন্তে (ইনকোয়েস্ট) জানা যায়, বার্টনকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে, তিনি যদি ধূমপান বন্ধ করেন, তাহলে তার শরীরে ক্লোজাপিনের মাত্রা বেড়ে যেতে পারে এবং প্রয়োজনে ওষুধের ডোজ কমাতে হতে পারে।

কিন্তু ২০২৫ সালের ৭ অক্টোবর স্কারবরোতে ছুটিতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ও টক্সিকোলজি পরীক্ষায় দেখা যায়, তার মৃত্যুর কারণ ছিল রক্তে ক্লোজাপিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া বা ক্লোজাপিন টক্সিসিটি।

তদন্তে তার বোন জানান, জ্যাক বার্টন নিয়মিত ধূমপান করতেন এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী প্রতিদিন রাতে ৫২৫ মিলিগ্রাম ক্লোজাপিন গ্রহণ করতেন। তবে ছুটিতে যাওয়ার পর তিনি আর তামাক সেবন করেননি।

করোনার ডেবোরা লাকিন জানান, বার্টন সম্ভবত ২০২৫ সালের ৪ অক্টোবর বা তার আগে ধূমপান বন্ধ করেছিলেন। এর ফলে তার রক্তে ক্লোজাপিনের মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায় এবং সেটিই তার মৃত্যুর প্রধান কারণ হয়ে থাকতে পারে।

করোনার আরও বলেন, বার্টনের উচিত ছিল ধূমপান বন্ধ বা কমানোর বিষয়টি তার মনোরোগ বিশেষজ্ঞকে জানানো। কারণ ধূমপানের অভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্লোজাপিনের ডোজ সমন্বয় করা প্রয়োজন হতে পারে। তা না হলে খিঁচুনি (seizure) সহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে প্রকাশিত এক প্রতিবেদনে করোনার লাকিন জানান, চিকিৎসকদের মধ্যে ধূমপান কমানো বা বন্ধ করার ক্ষেত্রে ক্লোজাপিন গ্রহণকারী রোগীদের জন্য পর্যাপ্ত ও একীভূত নির্দেশনা নেই। একই সঙ্গে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ নিয়ে রোগীদের সঙ্গে আলোচনা ও তথ্য সংরক্ষণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মের অভাব রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে একই ধরনের আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা নিয়মিত ক্লোজাপিন বা ধূমপানের সঙ্গে সম্পর্কিত প্রভাব ফেলতে পারে এমন কোনো ওষুধ গ্রহণ করছেন, তাদের ধূমপান শুরু, কমানো বা বন্ধ করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও