যুক্তরাজ্য

Mirror
৭ আগস্ট ২০২৬, ১২:০৮
আরও খবর

যুক্তরাজ্যে ডাস্টবিনে ২৪ ধরনের বৈদ্যুতিক জিনিস ফেললেই হতে পারে £৫,০০০ জরিমানা

16303_Screenshot 2026-08-07 at 12.19.48 pm.jpeg

যুক্তরাজ্যে WEEE আইন: টোস্টার, হেয়ার ড্রায়ার, টিভি, ল্যাপটপসহ প্লাগ, ব্যাটারি বা তারযুক্ত কোনো বৈদ্যুতিক পণ্যই সাধারণ বা রিসাইক্লিং বিনে ফেলা যাবে না। নিয়ম ভাঙলে সর্বোচ্চ £৫,০০০ পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন।

যুক্তরাজ্যের অনেক বাসিন্দাই জানেন না যে, প্রতিদিন ব্যবহৃত অসংখ্য বৈদ্যুতিক পণ্য সাধারণ গৃহস্থালির ডাস্টবিন বা রিসাইক্লিং বিনে ফেলা আইনত নিষিদ্ধ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই নিয়ম লঙ্ঘন করলে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ £৫,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে। আর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার কোনো নির্দিষ্ট সীমা নেই।

যুক্তরাজ্যের Waste Electrical and Electronic Equipment (WEEE) বিধিমালা অনুযায়ী, যেকোনো পণ্য যাতে প্লাগ, ব্যাটারি বা বৈদ্যুতিক তার রয়েছে, সেগুলো আর ব্যবহার না করলে সাধারণ বর্জ্যের সঙ্গে ফেলা যাবে না। এসব পণ্য অবশ্যই অনুমোদিত রিসাইক্লিং কেন্দ্র বা স্থানীয় কাউন্সিলের নির্ধারিত সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

নিয়মের আওতায় রয়েছে দৈনন্দিন ব্যবহারের অনেক পরিচিত জিনিস। যেমন: হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, টোস্টার, কেটলি, ড্রিল মেশিন, রেডিও, টেলিভিশন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, খেলনা (যেগুলোতে ব্যাটারি রয়েছে), স্মার্ট স্পিকার, বিভিন্ন চার্জার ও বৈদ্যুতিক কেবলসহ আরও অসংখ্য ইলেকট্রনিক পণ্য।

রিসাইক্লিং সংস্থা টি অ্যান্ড এম রিইউজ ইয়র্কশায়ার জানিয়েছে, ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে WEEE সংক্রান্ত আইন ইউরোপীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। এই আইনের লক্ষ্য হলো ইলেকট্রনিক বর্জ্য নিরাপদভাবে পুনর্ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশকে ক্ষতিকর দূষণ থেকে রক্ষা করা। প্রতিষ্ঠানটি বলেছে, ইলেকট্রনিক বর্জ্য সাধারণ ডাস্টবিনে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন ভাঙলে ব্যক্তিদের সর্বোচ্চ £৫,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্যদিকে দ্য ওয়েস্ট গ্রুপ জানিয়েছে, পুরোনো টেলিভিশন বা অন্য কোনো ইলেকট্রনিক পণ্য সাধারণ আবর্জনার সঙ্গে বাইরে ফেলে দেওয়া শুধু আইন লঙ্ঘনই নয়, এটি পরিবেশের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ টেলিভিশনসহ অনেক বৈদ্যুতিক যন্ত্রে এমন কিছু উপাদান থাকে, যা ল্যান্ডফিলে পচে গিয়ে বিষাক্ত পদার্থ ছড়াতে পারে এবং পরিবেশের বড় ক্ষতি করতে পারে।

নর্থ্যাম্পটনশায়ার কাউন্সিলও বাসিন্দাদের সতর্ক করে বলেছে, প্লাগ, ব্যাটারি বা তারযুক্ত কোনো বৈদ্যুতিক পণ্যই সাধারণ বর্জ্য বা গৃহস্থালির রিসাইক্লিং বিনে ফেলা উচিত নয়। ভুলভাবে এসব বর্জ্য ফেলে দিলে আবর্জনা বহনকারী যানবাহন বা বর্জ্য বাছাই কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশে ক্ষতিকর রাসায়নিকও ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে অপ্রয়োজনীয় হয়ে পড়া বৈদ্যুতিক পণ্য ফেলে দেওয়ার আগে স্থানীয় কাউন্সিলের ই-বর্জ্য সংগ্রহ সেবা বা অনুমোদিত রিসাইক্লিং কেন্দ্র ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত উপায়। এতে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি এড়ানো যাবে মোটা অঙ্কের জরিমানার ঝুঁকিও।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও