
যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের নিউ ফরেস্টে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ১২০ জনের বেশি দমকলকর্মী কাজ করছেন। একটি গাড়িতে আগুন লাগার পর সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত নিউ ফরেস্টের বিস্তীর্ণ হিথল্যান্ড এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে এখনও বিপুল সংখ্যক ফায়ার ইঞ্জিন ও বিশেষায়িত যান মোতায়েন রয়েছে।
রোববার বিকেল ৫টা ২৪ মিনিটের দিকে A31-এর পূর্বমুখী লেনে একটি ভারী যানবাহনে আগুন লাগার খবর পায় Hampshire Fire and Rescue Service। এ ঘটনায় ১৬০টিরও বেশি জরুরি কল আসে। আগুন প্রথমে গাড়ি থেকে রাস্তার মাঝের অংশে ছড়িয়ে পড়ে। পরে প্রবলভাবে আশপাশের হিথল্যান্ডে ছড়িয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে যায়।
আগুনে এখন পর্যন্ত প্রায় ১ বর্গকিলোমিটার হিথল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। Forestry England-এর হিসাবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ১০০ হেক্টরেরও বেশি। দুর্গম ও কঠিন ভূখণ্ডের কারণে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
শুরুতে ঘটনাস্থলে ২৬টি ফায়ার ইঞ্জিন, চারটি পানি বহনকারী গাড়ি এবং একাধিক বিশেষায়িত যান পাঠানো হয়েছিল। সোমবার আগুন নিয়ন্ত্রণের কাজে ১০টি ফায়ার ইঞ্জিন ও ১৩টি অফ-রোড যান সক্রিয় ছিল। আগুনের গতিপথ পর্যবেক্ষণে ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের বিস্তার ঠেকাতে ১২০ জনের বেশি ফায়ারফাইটার প্রচণ্ড গরম ও দুর্গম ভূখণ্ডে কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী তাদের সেখানে আরও দীর্ঘ সময় থাকতে হতে পারে। আশপাশের অন্যান্য ফায়ার সার্ভিস এবং দেশের বিভিন্ন অংশ থেকেও বিশেষায়িত যান ও সরঞ্জাম দিয়ে সহায়তা করা হচ্ছে।
আগুনের কারণে A31 সড়কটি উভয় দিকে বন্ধ রয়েছে। National Highways জানিয়েছে, আগুনে রাস্তার পিচ, সড়কের নিরাপত্তা ব্যারিয়ার এবং পাশের বেড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া যানবাহন থেকে তেল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাস্তা নিরাপদ না হওয়া পর্যন্ত এটি পুনরায় খুলবে না এবং জরুরি মেরামতের প্রয়োজন হবে।
আগুন ছড়িয়ে পড়ার সময় ২৩টি গাড়ি রাস্তায় ফেলে যেতে বাধ্য হন চালকরা। পুলিশ পরে এসব গাড়ি সরিয়ে নেয়। মালিকদের তাদের গাড়ি সম্পর্কে তথ্য জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সড়ক বন্ধ থাকায় আশপাশের বিকল্প রাস্তাগুলোতেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। ফলে নিউ ফরেস্ট এলাকায় যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহার এবং পুরো এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই দাবানলের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় পরিবেশ ও বন্যপ্রাণী। যে এলাকায় আগুন ছড়িয়েছে, সেটি অত্যন্ত বিরল ও আন্তর্জাতিকভাবে সুরক্ষিত হিথল্যান্ড। নিউ ফরেস্ট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের মতে, পশ্চিম ইউরোপে নিম্নভূমির হিথল্যান্ডের সবচেয়ে বড় ঘনত্ব রয়েছে এই এলাকায়। এখানে যুক্তরাজ্যের ছয়টি স্থানীয় সরীসৃপ প্রজাতির পাশাপাশি Dartford warbler, nightjar, বিভিন্ন বিরল পোকামাকড় এবং বন্য নিউ ফরেস্ট পনি রয়েছে।
Forestry England জানিয়েছে, আগুন Bratley Wood এবং আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি Canadian war memorial-ও রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে পানি সরবরাহ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাছের একটি লেক থেকে পানি এনে দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে আগুনের এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। কিছু জায়গায় এসব পাইপ রাস্তার ওপর দিয়ে নেওয়া হয়েছে, যে কারণে A31 দ্রুত খুলে দেওয়াও সম্ভব হচ্ছে না।
এদিকে চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে আবারও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে Met Office। জুলাই মাসটি ইংল্যান্ড ও ওয়েলসে রেকর্ড শুরুর পর সবচেয়ে শুষ্ক জুলাই ছিল বলে জানিয়েছে ITV, যা চলমান খরা ও দাবানলের ঝুঁকি আরও বাড়িয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিউ ফরেস্টের এই অংশ এড়িয়ে চলার পাশাপাশি বন্ধ থাকা A31-এ প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে আশপাশের বাড়িঘর খালি করার প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।