যুক্তরাজ্য

Mirror
১২ আগস্ট ২০২৬, ১৫:০৮
আরও খবর

যুক্তরাজ্যে দাবানলের সম্ভাবনা কমাতে ডিসপোজেবল বারবিকিউ নিষিদ্ধের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী বার্নহাম

16371_rer.jpg

ব্রিটেনে একের পর এক দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য বারবিকিউ নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার। দেশজুড়ে তীব্র গরম ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার মধ্যে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, আগুনের ঝুঁকি কমাতে একবার ব্যবহারযোগ্য বারবিকিউ বন্ধ করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।

বুধবার তীব্র গরম ও দাবানল পরিস্থিতি নিয়ে জরুরি কোবরা বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও জরুরি সেবা সংস্থার প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন। চলতি বছরে তাপপ্রবাহ নিয়ে এটি দ্বিতীয় কোবরা বৈঠক। এর আগে জুনেও উচ্চ তাপমাত্রার কারণে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

স্টিভেনেজ সফরের সময় প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, দক্ষিণ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় দাবানল এখন বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিউ ফরেস্টের আগুন বিশেষভাবে উদ্বেগের বিষয়। এর পাশাপাশি উত্তরাঞ্চল এবং সাফোকেও সাম্প্রতিক সময়ে দাবানল দেখা গেছে।

তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, অনেক দাবানলের পেছনে ডিসপোজেবল বারবিকিউ ব্যবহারের ভূমিকা রয়েছে। এ মুহূর্তে বাইরে এ ধরনের বারবিকিউ ব্যবহার না করার জন্য মানুষের প্রতি জোরালো বার্তা দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সিগারেটের পাশাপাশি অস্থায়ী বা একবার ব্যবহারযোগ্য বারবিকিউ থেকেও আগুন লাগার ঝুঁকি রয়েছে। তাই মানুষ যখন গ্রামাঞ্চল বা খোলা জায়গায় বের হবেন, তখন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিসপোজেবল বারবিকিউ নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে তিনি জানান।

ব্রিটেনে চলতি গ্রীষ্মে একাধিক দফা তাপপ্রবাহের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটি চলতি বছরে পঞ্চম তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে এবং এই গ্রীষ্মকে রেকর্ডের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে ব্রিটেনের কিছু এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দাবানলের ঝুঁকি নিয়ে দেশটি একটি ‘জাতীয় জরুরি পরিস্থিতির’ মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দমকলকর্মীদের ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা।

লন্ডনসহ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড, ইস্ট মিডল্যান্ডস, পূর্ব ইংল্যান্ড, ওয়েস্ট মিডল্যান্ডস এবং দক্ষিণ ইয়র্কশায়ারের কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিরল অ্যাম্বার ‘চরম তাপ’ সতর্কতা জারি করা হয়েছে।

তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দমকলকর্মী, কৃষক এবং জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীরাও বাড়তি চাপের মুখে পড়েছেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। সরকার জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দাবানলের ঝুঁকি বিবেচনায় যুক্তরাজ্যের বেশ কয়েকটি বড় সুপারমার্কেট ইতোমধ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি স্থগিত করেছে। জাতীয় দমকল প্রধানদের কাউন্সিলের স্বেচ্ছামূলক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চলমান তাপপ্রবাহের মধ্যে সরকার এখন ডিসপোজেবল বারবিকিউ ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবে কি না, সেটিই নজরে রয়েছে। বিশেষ করে খোলা জায়গা ও গ্রামাঞ্চলে আগুনের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও